আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Diamond Harbour-TMC : ডুবল ডায়মন্ড-মডেল! তৃণমূলের হাতছাড়া ডায়মন্ড হারবার পুরসভা, দায়িত্বে প্রশাসক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে পালাবদলের পর আরও এক ধাক্কা তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার পুরসভা চলে গেল প্রশাসকের তত্ত্বাবধানে। ৯ কাউন্সিলরের পদত্যাগের জেরে ভেঙে গেল তৃণমূল পরিচালিত পুরবোর্ড। রবিবার থেকে দায়িত্ব নিলেন মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত।

গত ২৫ মে ডায়মন্ড হারবার পুরসভার ৯ জন তৃণমূল কাউন্সিলর পুরচেয়ারম্যান প্রণব দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগীদের অভিযোগ, পুরসভায় দীর্ঘদিন ধরেই ব্যাপক আর্থিক দুর্নীতি চলছিল। প্রতিবাদ করতে গেলে পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে বলেও দাবি তাঁদের। পদত্যাগী কাউন্সিলররা হলেন ১ নম্বর ওয়ার্ডের দিব্যেন্দু হালদার, ২ নম্বরের মঞ্জু মণ্ডল, ৭ নম্বরের তমাল হালদার, ৮ নম্বরের মৃদুল হালদার, ৯ নম্বরের স্বপন দাস, ১১ নম্বরের অলক হালদার, ১৩ নম্বরের অমিত সাহা, ১৬ নম্বরের দেবকী হালদার ও ১৪ নম্বর ওয়ার্ডের পূজা সাহা।

পুরচেয়ারম্যান প্রণব দাস সেই পদত্যাগপত্র রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে পাঠান। এরপর শনিবার ওই দপ্তর ডায়মন্ড হারবার পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর নির্দেশ দেয়। নির্দেশ অনুসারে রবিবার থেকে পুরবোর্ড প্রশাসকের অধীনে চলে গিয়েছে। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অয়ন দত্তগুপ্ত প্রশাসক হিসেবে পুরসভার দায়িত্ব নিয়েছেন।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবার পুরসভায় নির্বাচন হয়েছিল। ২০২৭-এ ফের নির্বাচন হওয়ার কথা। তার আট মাস আগেই তৃণমূল পরিচালিত বোর্ড ভেঙে যাওয়ায় শোরগোল পড়েছে গোটা শহরে। রাজ্যে পালাবদলের পর এর আগে চন্দননগর পুরনিগম ও কাঁথি পুরবোর্ডও প্রশাসকের অধীনে চলে যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের পতন হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরপর পুরবোর্ড হাতছাড়া হওয়ায় চাপ বাড়ছে শাসক শিবিরে। আগামী পুরভোটের আগে এই ঘটনা তৃণমূলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *