আজকের দিনেবাংলার আয়না

সরিষায় ‘ত্রাণ কাণ্ড’! তৃণমূল নেতার বাড়িতে সরকারি সামগ্রীর পাহাড়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ঘটনাকে ঘিরে অভিযোগ উঠেছে, এক তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

স্থানীয় সূত্রের দাবি, গোপন খবরের ভিত্তিতে বিজেপির মহিলা কর্মী ও সমর্থকেরা ওই এলাকায় পৌঁছে একটি বাড়ির ভিতরে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষও সেখানে জড়ো হতে শুরু করেন এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, শুকনো খাবার এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে দাবি, সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন উপকরণও ছিল বলে জানা গিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এই সমস্ত জিনিস কীভাবে একটি ব্যক্তিগত বাড়িতে পৌঁছাল এবং সেগুলি আদৌ সরকারি ত্রাণের অংশ কিনা তা নিয়ে চলছে জোর তরজা।

গেরুয়া শিবিরের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে গোপনে মজুত রাখা হয়েছিল এবং এলাকায় সরকারি সুযোগ-সুবিধা বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে সত্য সামনে আনা হোক এবং যদি কোনও অনিয়ম প্রমাণিত হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে ঘটনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে এবং বিরোধীরা মিথ্যা প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে কি না, এখন সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দা সহ- ওয়াফিবহাল মহলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *