PANAGARH : পথভ্রষ্ট হতে পারে বায়ুসেনার বিমান! শ্রীভূমি থেকে শিক্ষা নিয়ে পানাগড়ে নিষিদ্ধ লেজার শো
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:– দুর্গাপুজোয় লেজার শো নিয়ে কড়া সতর্কতা জারি করল প্রশাসন (PANAGARH)। বায়ুসেনার বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিম বর্ধমানের কাঁকসা-পানাগড় এলাকার পুজো কমিটিগুলিকে লেজার শো না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পানাগড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বায়ুসেনা ছাউনি, পাশাপাশি দুর্গাপুরে রয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর (PANAGARH)। পানাগড় ও সংলগ্ন আকাশপথ দিয়ে বায়ুসেনার বিমানের পাশাপাশি যাত্রীবাহী বিমানও চলাচল করে। প্রশাসনের আশঙ্কা, মণ্ডপ থেকে আকাশের দিকে তাক করা শক্তিশালী লেজার রশ্মি পাইলটদের দৃষ্টিতে বিঘ্ন ঘটিয়ে বড় দুর্ঘটনা ঘটাতে পারে।
এই বিষয়টি মাথায় রেখে কাঁকসা ব্লক প্রশাসন এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে (PANAGARH)। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। তিনি জানান, পুজোর দিনগুলিতে কোনও কমিটি যাতে নির্দেশ অমান্য না করে, তার জন্য কাঁকসা থানার পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপে আলোর ঝলকানি থাকতে পারে, কিন্তু সেই আলো যেন কোনওভাবেই আকাশপথে না পৌঁছায়।
উল্লেখ্য, ২০২১ সালে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা থিমের মণ্ডপে লেজার শোয়ের কারণে কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণে সমস্যায় পড়েছিলেন পাইলটরা। শেষ পর্যন্ত পুজোর মাঝেই সেই লেজার শো ও আলো বন্ধ করে দিতে হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার আগেভাগে ব্যবস্থা নিল প্রশাসন।
উৎসবের আনন্দ বজায় রেখেও আকাশপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জরুরি বলে মনে করছে প্রশাসন।
