Drone Show On Durga Puja : পুজোর রাতে কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের চমক, বিশেষ উদ্যোগ নবান্নের !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দুর্গাপুজোকে বিশ্বের দরবারে আরও বর্ণময় করে তুলতে অভিনব পরিকল্পনা নবান্নের। এবার পুজোর রাতে কলকাতার আকাশে দেখা যাবে গ্র্যান্ড ড্রোন শো। যেমনটা যোগ দিবসে গঙ্গাবক্ষে হয়েছিল, তেমনই আলো, সঙ্গীত ও মঞ্চের সমন্বয়ে ৩ হাজার ড্রোনের আলোয় ফুটে উঠবে দুর্গাপুজোর নানা দৃশ্য।(Drone Show On Durga Puja)
নবান্ন সূত্রে খবর, মহালয়া এবং পুজোর আরও দুটি দিন এই বিশেষ ড্রোন শোয়ের আয়োজন করা হবে। এর মধ্যে একটি অনুষ্ঠান অষ্টমীকে কেন্দ্র করে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে থাকবে ধুনুচি নাচ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ আলোকসজ্জা।
শুধু ড্রোন শো-ই নয়, পর্যটন দপ্তরের উদ্যোগে প্রায় চার ঘণ্টার ‘গ্র্যান্ড দুর্গাপুজো কনসার্ট’-এর পরিকল্পনাও রয়েছে। কোনও বড় স্টেডিয়াম বা অডিটোরিয়ামে এই কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী, সেলিব্রিটি ও বিভিন্ন সাংস্কৃতিক দল। ঢাক, ধুনুচি, ছৌ, ঝুমুর, বাউল, কীর্তন, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি তুলে ধরা হবে নেপালি সংস্কৃতি ও বাংলার লোকশিল্প। প্রচারে জায়গা পাবে বাংলার থিম প্যান্ডেল, খাবার, হস্তশিল্প ও তাঁতশিল্পও।(Drone Show On Durga Puja)
এছাড়াও পুজো উপলক্ষে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপত্য আলো দিয়ে সাজানো হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি সংগঠন এবং ভারতীয় দূতাবাসগুলিকেও সরাসরি এই উৎসবে যুক্ত করা হবে।
নবান্ন সূত্রে খবর, বাংলার সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবারের দুর্গাপুজো হতে চলেছে আরও জমকালো ও বিশ্বমুখী।(Drone Show On Durga Puja)
