ABHISHEK BANARJEE : অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় স্বস্তি অভিষেকের, হাই কোর্টে ভর্ৎসিত ব্যাঙ্ক
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কেওয়াইসি আপডেট না থাকার কারণে অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANARJEE) । সোমবার শুনানিতে ব্যাঙ্ক জানায়, তাঁর ডেবিট-ক্রেডিট কার্ড সক্রিয় করা হয়েছে এবং অ্যাকাউন্ট ডি-ফ্রিজ করা হয়েছে।
মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। অভিষেকের (ABHISHEK BANARJEE) আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, কেওয়াইসি-র সময় তাঁর মক্কেলের কোনও ছবি নেওয়া হয়নি এবং তিনি কখনও কেওয়াইসি করাবেন না এমন কথাও বলেননি। আইনজীবীর প্রশ্ন, কেওয়াইসি না হলে নোটিশ দিয়ে আংশিক ফ্রিজ করা যায়, কিন্তু সম্পূর্ণ ব্লক কেন করা হল? আরবিআই গাইডলাইন মেনে কাজ করা উচিত ছিল।
জবাবে ব্যাঙ্কের আইনজীবী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (ABHISHEK BANARJEE) উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার কোনও ইচ্ছা তাঁদের নেই। এটি একটি টেম্পোরারি ব্লকিং ছিল এবং তাঁকে সশরীরে আসতে হবে এমন কথাও বলা হয়নি।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও পর্যবেক্ষণে বলেন, “যে কোনও গ্রাহকের ক্ষেত্রেই আপনারা কারোর বিরুদ্ধে পদক্ষেপ করলে আগে জানান। নির্ধারিত সময়ে কাজ না হলে তারপর ব্লক করুন। এটা কোনও সমাধান নয়।” এরপরই মামলাটির নিষ্পত্তি করে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ভবিষ্যতে এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করে দেন হাই কোর্ট।
