আজকের দিনেতিলোত্তমা

জাতীয় শিক্ষানীতির কোপ! প্রেসিডেন্সি ও যাদবপুরে স্নাতকোত্তরে ‘জিরো ইয়ার’, ভর্তি বন্ধ চলতি শিক্ষাবর্ষে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: জাতীয় শিক্ষানীতির বড়সড় প্রভাব রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে। দু’বছরের স্নাতকোত্তর পাঠ্যক্রম বদলে এক বছর করার প্রক্রিয়া শুরু হতেই নজিরবিহীন পরিস্থিতির মুখে কলকাতা তথা রাজ্যের দুই প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান— যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। চার বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর (৪+১) নিয়ম কার্যকর হওয়ায় চলতি শিক্ষাবর্ষে (২০২৬) এই দুই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের প্রথম বর্ষ ‘জিরো ইয়ার’ হতে চলেছে। অর্থাৎ, এই বছর এই বিভাগগুলিতে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে না।

কেন এই ‘জিরো ইয়ার’?

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এর পেছনে রয়েছে শিক্ষাবর্ষের নতুন সমীকরণ:

  • ২০২৩ সালে যে সমস্ত পড়ুয়ারা চার বছরের নতুন স্নাতক কোর্সে ভর্তি হয়েছিলেন, তাঁরা ডিগ্রি সম্পূর্ণ করবেন ২০২৭ সালে।

  • জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, এই চার বছরের স্নাতক কোর্সের চতুর্থ বা শেষ বর্ষের পড়ুয়ারা পুরনো শিক্ষা ব্যবস্থার স্নাতকোত্তরের প্রথম বর্ষের সমতুল্য।

  • ফলে, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন এক বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি নেওয়ার মতো কোনো ‘উত্তীর্ণ ব্যাচ’ বা পড়ুয়া নেই। এই শূন্যতা পূরণের জন্যই চলতি বছরটিকে ‘জিরো ইয়ার’ ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়: আগামী বছর থেকে ১ বছরের মাস্টার্স

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, যে সমস্ত বিভাগে চার বছরের স্নাতক কোর্স চালু রয়েছে, সেখানে এ বছর অর্থাৎ ২০২৬ সালে স্নাতকোত্তরে ‘জিরো ইয়ার’ থাকবে। আগামী বছর (২০২৭) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এক বছরের স্নাতকোত্তর পর্ব।

ব্যতিক্রমী কোর্স: বায়োটেকনোলজি বা ভাইরোলজির মতো কিছু আন্তঃবিষয়ক কোর্স, যেগুলির কোনো নির্দিষ্ট স্নাতক স্তর নেই, সেগুলিতে কিন্তু পুরনো নিয়মেই দু’বছরের স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া চালু থাকবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়: বন্ধ দিবা ও সান্ধ্যকালীন ভর্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ৪+১ শিক্ষানীতির জটিলতার কারণে এবার কলা ও বিজ্ঞান বিভাগের দিবা ও সান্ধ্যকালীন— কোনো কোর্সেই স্নাতকোত্তরে নতুন ভর্তি নেওয়া হচ্ছে না।

তবে ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়াদের জন্য স্বস্তি রয়েছে। ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া জুন মাসের মাঝামাঝি সময় থেকে যথারীতি শুরু হবে বলে জানানো হয়েছে।

উল্টো পথে রবীন্দ্রভারতী: চালু থাকছে ২ বছরের কোর্স

রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলি যখন জিরো ইয়ারের পথে হাঁটছে, তখন সম্পূর্ণ ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

  • জাতীয় শিক্ষানীতির ‘এক্সিট অপশন’ বা মাঝপথে পড়াশোনা ছাড়ার নিয়মকে কাজে লাগিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • যে সমস্ত শিক্ষার্থী চার বছরের স্নাতক কোর্সের মাঝপথে, অর্থাৎ তিন বছর পড়ে বেরিয়ে যাচ্ছেন, তাঁদের কথা মাথায় রেখে রবীন্দ্রভারতীতে দুই বছরের স্নাতকোত্তর কোর্সটি চালু রাখা হচ্ছে।

  • আগামী আগস্ট মাস থেকে সেখানে কলা, চারুকলা ও দৃশ্যকলা শাখায় এই মাস্টার্স কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *