আজকের দিনেখেলাতিলোত্তমা

East Bengal-Emami : ইস্টবেঙ্গল-ইমামি বৈঠক নিস্ফলা, বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা চরমে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামির বৈঠকেও কোনও সমাধান মিলল না। আগামী মরসুমে ইমামি থাকবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটল না। ‘সম্ভাবনা আপাতত ৫০-৫০’ বলে জানালেন এক কর্তা। কোচ অস্কার ব্রুজ়োর বিদায়ের পর নতুন কোচ, ফুটবলার বাছাই, AFC-র প্রস্তুতি — সবই আটকে লাল-হলুদ শিবিরে।

গতকাল সোমবার, ১ জুন ইমামি হাউসে বৈঠকে বসে দুই পক্ষ। মূল এজেন্ডা ছিল আগামী মরসুমে ইমামি বিনিয়োগকারী থাকবে কি না এবং দল গঠন কীভাবে হবে। ইস্টবেঙ্গলের তরফে হাজির ছিলেন দেবব্রত সরকার, সদানন্দ মুখোপাধ্যায়, রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায় ও প্রণব দাসগুপ্ত।

কয়েক ঘণ্টার বৈঠকের পরও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রকাশ্যে কেউ মুখ না খুললেও, উপস্থিত এক কর্তা জানান, “পরিস্থিতি এখনও খোলা রয়েছে। সম্ভাবনা আপাতত ৫০-৫০।” ইমামিকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে ক্লাব।

এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে মাঠের প্রস্তুতিতে। কোচ অস্কার ব্রুজ়ো ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। নতুন কোচ নিয়োগ, ফুটবলার সই, দল গঠন — সবই ঝুলে। সামনে AFC প্রতিযোগিতার চ্যালেঞ্জ। দ্রুত পরিকল্পনা চূড়ান্ত না হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে ইস্টবেঙ্গল, মনে করছে ফুটবল মহল।

ইতিমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট নতুন কোচ খোঁজার পাশাপাশি ফুটবলার সইয়ের কাজে অনেকটা এগিয়ে গেছে।

অন্যদিকে, ইমামি সরে গেলে আর্থিক চাপে পড়বে ইস্টবেঙ্গল। ISL-এর মতো শীর্ষস্তরের দল চালানোর বিপুল খরচ তখন ক্লাবকেই বইতে হবে। আইএসএল শিরোপা জয়ের পর যেখানে নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর কথা, সেখানে ক্লাব-ইনভেস্টর টানাপোড়েনেই আটকে লাল-হলুদ।

গতকালের বৈঠক নিস্ফলা হওয়ায় ইস্টবেঙ্গলের সামনে এখন জোড়া সঙ্কট — বিনিয়োগকারী অনিশ্চয়তা ও দল গঠনে দেরি। AFC-র আগে দ্রুত সমাধান না হলে মাঠের লড়াই শুরুর আগেই ব্যাকফুটে চলে যাবে শতাব্দী প্রাচীন ক্লাব। সমর্থকদের উদ্বেগের মধ্যেই সময় নষ্ট না করে সিদ্ধান্তে আসাই এখন বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *