খতিয়ান ও দাগের তথ্য এবার সম্পূর্ণ বিনামূল্যে, যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের নাগরিকদের জন্য বড় সুখবর। জমির খতিয়ান (Record-of-Rights) এবং দাগের তথ্য (Plot Information) পেতে এবার থেকে আর এক টাকাও খরচ করতে হবে না। নাগরিক পরিষেবাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও ঝামেলাহীন করতে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্ন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে জমির খতিয়ান ও দাগের তথ্য পাওয়ার জন্য যে এনকোয়ারি চার্জ বা আবেদন ফি নেওয়া হতো, তা আজ থেকে সম্পূর্ণভাবে মকুব করা হল।
এখন থেকে রাজ্যের যেকোনো নাগরিক বাংলার ভূমি পোর্টাল http://banglarbhumi.gov.in-এ গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে নিজের জমির খতিয়ান ও দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই পরিষেবার জন্য কোনও আবেদন ফি, প্রসেসিং চার্জ বা প্রমাণীকরণ ফি লাগবে না। ডাউনলোড করা নথিতে থাকা ডিজিটাল স্বাক্ষর ও QR কোডের জন্য এটি ব্যাঙ্ক লোন, জমি রেজিস্ট্রি, মিউটেশন-সহ সমস্ত সরকারি ও বেসরকারি কাজে বৈধ দলিল হিসেবে গণ্য হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের সরকারের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের হয়রানি কমানো। বিশেষ করে গ্রামের কৃষক ও প্রান্তিক জমির মালিকদের খতিয়ানের জন্য দালালের কাছে যেতে হতো, অফিসে দিনের পর দিন ঘুরতে হতো। সেই দিন শেষ। এখন থেকে ঘরে বসে মোবাইল থেকেই এক ক্লিকে নিজের জমির সমস্ত তথ্য পেয়ে যাবেন।”
তিনি আরও জানান, এই পদক্ষেপের ফলে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। জমি কেনাবেচা, উত্তরাধিকার সূত্রে নাম পত্তন, কৃষি ঋণ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে খতিয়ান অপরিহার্য। বিনামূল্যে এই নথি মেলায় সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই বাঁচবে।
প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, পরবর্তী ধাপে জমির মিউটেশন, কনভার্সন, পর্চা সংশোধনের মতো পরিষেবাগুলিকেও আরও সহজ ও দ্রুত করার কাজ চলছে। ভূমি দপ্তরের সমস্ত কাজ ধীরে ধীরে সম্পূর্ণ অনলাইন ও পেপারলেস করা হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে রাজ্যের ই-গভর্নেন্স ব্যবস্থায় একটি বড় মাইলফলক হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। এর ফলে শুধু দুর্নীতি কমবে না, সরকারি পরিষেবার প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে। “আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়” — এই বার্তা দিয়ে রাজ্যবাসীকে ডিজিটাল পরিষেবা ব্যবহারের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
