আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Humayun-Mamata : ‘আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি’, মমতাকে ‘অফার’ হুমায়ুন কবীরের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ক্ষমতাচ্যুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ‘সহযোগিতার হাত’ বাড়ালেন রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর। দল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল গড়া হুমায়ুন এবার ‘গুরুদক্ষিণা’ দিতে চেয়ে মমতাকে রেজিনগর আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেন। তবে একইসঙ্গে ইঙ্গিতে বিঁধতেও ছাড়লেন না।

গত বছরের শেষদিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তখন তৃণমূল সরকার উৎখাতের ডাকও দিয়েছিলেন তিনি। যদিও বাস্তবে সেই হুঙ্কার কাজে করে দেখাতে পারেননি। ঘটনাচক্রে ছাব্বিশের নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরেও জিততে পারেননি। দলের প্রতীক-ফান্ডও প্রশ্নের মুখে। বর্তমানে দলের সুপ্রিমো ছাড়া কোনও পদে নেই মমতা। পরিষদীয় দলের রাশও তাঁর হাতে নেই।

এই পরিস্থিতিতে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “নেত্রী যদি আমার কাছে আসেন, আমি রেজিনগর আসন থেকে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠাব। ওনার কথা কেউ না শুনলেও রেজিনগরে হুমায়ুনই শেষ কথা।”

মমতাকে খোঁচা দিয়ে হুমায়ুন আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না। কিন্তু উনি চাইলে আমি ওনাকে বিধানসভায় পাঠাতে পারি।”

হুমায়ুনের দাবি, বর্তমানে দলনেত্রীর যা পরিস্থিতি, তাতে তাঁর খারাপ লাগছে। তাই ‘গুরুদক্ষিণা’ হিসেবে সাধ্য মতো নেত্রীর পাশে দাঁড়াতে প্রস্তুত তিনি।

একসময় মমতার হাত ধরেই রাজনীতিতে উত্থান হুমায়ুনের। তৃণমূল থেকে বহিষ্কারের পর দল ভাঙার হুঙ্কার দিলেও সফল হননি। এবার ক্ষমতার পালাবদলের পর সেই মমতাকেই ‘অফার’ দিলেন রেজিনগরের বিধায়ক। রাজনৈতিক মহলের মতে, এটি নিছক সহানুভূতি নাকি চাপে পড়া মমতাকে আরও কোণঠাসা করার কৌশল, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *