বিশ্বআজকের দিনে

Yemen’s Spider-Man : আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে মৃত্যু ‘ইয়েমেনের স্পাইডার-ম্যানের’, খালি হাতে চষে বেড়াতেন পাহাড়-পর্বত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দড়ি-সরঞ্জাম ছাড়া খালি হাতে পাহাড় চড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতেন তিনি। ইয়েমেনের জনপ্রিয় পর্বতারোহী আল-কাওয়া বিন আনতার ওরফে ‘স্পাইডার-ম্যান অফ ইয়েমেন’ আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে প্রাণ হারালেন। শুক্রবার ১২০ মিটার উঁচু ‘হারাধাত দামত’ আগ্নেয়গিরিতে ওঠার সময় হাত ফস্কে জ্বালামুখে পড়ে যান ৩০ বছরের আনতার।

ইয়েমেনের সিভিল ডিফেন্স অথরিটির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, খালি হাতেই আগ্নেয়গিরি বেয়ে উঠছিলেন আনতার আল-আবসি। ডান হাতে আগ্নেয়গিরির ভাঁজ ধরে ছিলেন, বাঁ হাত ঝুলছিল। হঠাৎই ডান হাত আলগা হয়ে নীচে পড়ে যান তিনি।

দেহ উদ্ধারে নামানো হয় বিরাট বাহিনী। ডাইভার থেকে বিশেষজ্ঞরা টানা চার ঘণ্টা খোঁজার পর জলের প্রায় ৩০ মিটার গভীর থেকে তাঁকে উদ্ধার করেন। দুর্গম, খাড়া ও পাথুরে এলাকায় উদ্ধারকার্য চালাতে বেগ পেতে হয় সকলকে।

দাহলে প্রদেশের দামত শহরের কাছে অবস্থিত ‘হারাধাত দামত’ প্রকৃতির এক অনন্য সৃষ্টি। খাড়া পাথুরে দেওয়ালে ঘেরা জ্বালামুখটির নিম্নভাগে রয়েছে সালফারযুক্ত উষ্ণ হ্রদ। পর্যটকদের কাছে বড় আকর্ষণ এই আগ্নেয়গিরিই কেড়ে নিল ‘স্পাইডার-ম্যানের’ প্রাণ।

খালি হাতে পাহাড়-পর্বত চষে ফেলার জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ছিলেন আনতার। তাঁর ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হত। একটি ভিডিওতে দেখা যায়, খাড়া পর্বতের ঢাল ধরে কার্যত ঝুলে আছেন তিনি।

আনতারের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইয়েমেনে। ঘটনার পর ইয়েমেনের সিভিল ডিফেন্স অথরিটি পর্বতারোহী ও রোমাঞ্চপ্রেমীদের সাবধান করেছে। দড়ি-সরঞ্জাম ছাড়া বিপজ্জনক আরোহন না করার পরামর্শ দিয়েছে তারা। ‘স্পাইডার-ম্যান অফ ইয়েমেন’ নামে পরিচিত আনতারকে হারিয়ে শূন্য হয়ে গেল দুঃসাহসিক পর্বতারোহনের এক অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *