আজকের দিনেতিলোত্তমারাজনীতি

KMC : ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযানে শুভেন্দুর সভায় আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা, যাচ্ছেন ববি-দেবাশিসও !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বঙ্গের রাজনীতিতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ সোমবার কলকাতা পুরসভায় ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক সাফাই অভিযানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী । এই প্রথম কর্পোরেশনের অনুষ্ঠানে তৃণমূল, বাম, কংগ্রেস ও বিজেপি-সহ মহানগরের সব সদ্য প্রাক্তন কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত তালিকায় আছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসুর মতো মেয়র পারিষদরাও। এই ধরনের পরিবেশ বাংলায় আগে দেখা যায়নি।

২১ জুন রেড রোডে বিশ্ব যোগ দিবসের মেগা কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার আগে কলকাতা জুড়ে শুরু হচ্ছে বিশেষ সাফাই অভিযান। আগামী ছ’দিন ধরে চলবে এই কর্মসূচি। তারই সূচনা করতে সোমবার পুরভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান ঘিরে রবিবার ছুটি বাতিল করে কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে-সহ কর্পোরেশনের সব আধিকারিক প্রস্তুতি সেরেছেন।

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে রাজ্যের প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়ক-সাংসদদের আমন্ত্রণ জানানো হলেও পুরসভার অনুষ্ঠানে সদ্য প্রাক্তন কাউন্সিলরদের ডাকার সৌজন্য এই প্রথম। সূত্রের খবর, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসু-সহ অনেক মেয়র পারিষদই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। শহরের সমস্ত বিজেপি ও তৃণমূল বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর বিকল্প মেয়র খুঁজতে যে গুটিকয়েক কাউন্সিলর সই করেছিলেন, তাঁদের অধিকাংশই এই কর্মসূচিতে যাচ্ছেন না বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর যোগ দিবসের কর্মসূচির আগে ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযানকে কেন্দ্র করে পুরভবনে সব দলের প্রাক্তন জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে রাজনৈতিক সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ববি হাকিম-দেবাশিস কুমারদের উপস্থিতি কর্মসূচিতে আলাদা মাত্রা যোগ করলেও, মেয়র পদ নিয়ে স্বাক্ষরকারী কাউন্সিলরদের অনুপস্থিতি নগর রাজনীতির সমীকরণ স্পষ্ট করে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *