উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, এখনি স্বস্তি মিলছে না দক্ষিণে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অবশেষে উত্তরবঙ্গের আকাশে বর্ষা । ৯ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের এলাকায় প্রবেশ করেছে। বর্তমানে পাহাড় সংলগ্ন এলাকায় কালিম্পং,কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, দার্জিলিং,ডুয়ার্স সহ বেশ কিছু অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির দাপট ইতিমধ্যেই শুরু হয়েছে।
এ বছর কেরালায় মৌসুমি বায়ুর প্রবেশের তারিখ নিয়ে একাধিকবার জল্পনা সৃষ্টি হয়েছিল আবহাওয়া দফতরে।শেষ পর্যন্ত ৪ জুন কেরালায় বর্ষা পৌঁছানো মাত্র পাঁচ দিনের মধ্যেই তা বাংলার উত্তর প্রান্তে এসে হাজির হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার অগ্রগতি অনেক সময়ই ধীরগতির হয়। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, দেশে মৌসুমী বায়ুর প্রবেশের পর মৌসুমি বায়ুর গতি কিছুটা কমে যায়। ফলে উত্তরবঙ্গে বর্ষা শুরু হলেও দক্ষিণবঙ্গে পৌঁছতে আরও কয়েকদিন সময় লাগে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মৌসুমি বায়ুর অগ্রগতির পরিবেশ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ বিহার,ঝাড়খন্ড, উড়িষ্যার বেশ কিছুটা অংশে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।
এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৫ টি জেলায় বর্ষা নিয়ে করা সতর্কবার্তা জারি করা হয়েছে।উত্তরবঙ্গে টানা তিন দিন বর্ষার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি কালিংপং এবং উত্তরবঙ্গে বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়ার বর্তমান গতি দেখে মনে করা হচ্ছে,খুব শীঘ্রই দক্ষিণবঙ্গে স্বস্তির সম্ভাবনা মিলবে।
