Death Threats : মোদির ঝালমুড়ি খাওয়া ঝাড়গ্রামের বিক্রমকে পাকিস্তান-বাংলাদেশ থেকে খুনের হুমকি !
কিউ ইন্ডিয়া বাংলা: -পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রচারে যাঁর দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঝাড়গ্রামের সেই বিক্রমকুমার সাউকেই এবার খুনের হুমকি দেওয়া হল। সূত্রের খবর, পাকিস্তান ও বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ-মেসেজে লাগাতার প্রাণনাশের হুমকি আসছে।
বিগত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রচারে ঝাড়গ্রামে সভা করেন প্রধানমন্ত্রী। সভা শেষে কনভয়ে যাওয়ার পথে রাজ কলেজ মোড়ে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। রাস্তার ধারে বিক্রমকুমার সাউয়ের দোকান থেকে ঝালমুড়ি খান মোদি। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিক্রম। ওই ঘটনা বঙ্গ ভোটের সংস্কৃতিতে ব্যাপক সাড়া ফেলেছিল।
সূত্রের খবর, সেই বিক্রমকেই এখন মোবাইলে একাধিকবার হুমকি দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ ও মেসেজে খুনের হুমকির পাশাপাশি ভিডিওকলে অস্ত্র দেখিয়েও ভয় দেখানো হয়েছে। হুমকি আসছে পাকিস্তান ও বাংলাদেশের নম্বর থেকে।
এরপর থেকেই আতঙ্কে দিন কাটছে বিক্রম ও তাঁর পরিবারের। দোকান বন্ধ করে আত্মগোপন করেছেন তিনি। ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। হুমকি আসা নম্বরগুলি ট্রেস করার কাজ চলছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে বিক্রম ও তাঁর পরিবারের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজনৈতিক কারণেই কি এই হুমকি? প্রশ্ন উঠেছে এলাকায়। লোকসভা ভোটে জঙ্গলমহলে গেরুয়া ঝড় তুলে বিজেপির জয়ের পর বাংলায় তৃণমূলকে হারিয়ে সরকার গঠন করেছে বিজেপি। সেই আবহেই মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে চর্চিত বিক্রমকে হুমকির ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়েছে ঝাড়গ্রামে।
