Rajnath-Suvendu : দিল্লিতে রাজনাথ-শুভেন্দু বৈঠক: ‘বাংলাকে শিখরে নেবেন শুভেন্দুই’, আস্থা প্রতিরক্ষামন্ত্রীর !
কিউ ইন্ডিয়া বাংলা: -মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবারের সাক্ষাতের পর সোশাল মিডিয়ায় ছবি দিয়ে রাজনাথ জানালেন, রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর শুভেন্দুই বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন।
রাজনাথ সিং সোশাল মিডিয়ায় লেখেন, “বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী।”
বৈঠকের কারণ নিয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং ‘ডবল ইঞ্জিন’ সরকারের রূপরেখা নিয়েই মূল আলোচনা। ঋণের বোঝায় জর্জরিত বাংলার আর্থিক হাল ফেরাতে কেন্দ্রের সহায়তা জরুরি। রাজ্যের আয়ের বড় অংশ সুদ ও ঋণ শোধে চলে যাচ্ছে। এই অবস্থায় প্রতিরক্ষা সংক্রান্ত বিনিয়োগ, পরিকাঠামো ও কেন্দ্রীয় প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ নিয়ে রাজনাথের সঙ্গে কথা হতে পারে শুভেন্দুর।
বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছে অমিত শাহের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন শুভেন্দু। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে আলোচনার সম্ভাবনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে সেটি প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও আপাতত সৌজন্যের মোড়কেই থাকছে। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন তিনি। উপরাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা।
রাজনাথ-শুভেন্দু বৈঠক ও প্রতিরক্ষামন্ত্রীর প্রকাশ্য আস্থাজ্ঞাপনকে কেন্দ্র-রাজ্য সম্পর্কের নতুন শুরুর ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বিশেষ আর্থিক প্যাকেজ ও ‘ডবল ইঞ্জিন’ তত্ত্বের বাস্তবায়নই এখন বাংলার সামনে বড় চ্যালেঞ্জ।
