R G Kar-CBI : আরজি কর ধর্ষণ-খুন: সিবিআইকে ৩ সদস্যের সিট গঠনের নির্দেশ !
কিউ ইন্ডিয়া বাংলা: -আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সিবিআইকেই পুনরায় তদন্তের নির্দেশ দিল। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ জানাল, সিবিআইয়ের পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে ৪৮ ঘণ্টার মধ্যে ৩ সদস্যের সিট গঠন করে তদন্ত করতে হবে।
আদালতের নির্দেশ, ২০২৪-এর ৯ অগস্ট রাতে চিকিৎসক তরুণীর ডিনার থেকে পরদিন দেহ উদ্ধার এবং পরবর্তী ঘটনাক্রম— গোটা বিষয়ই তদন্তের আওতায় থাকবে। প্রয়োজনে নিহতের পরিবার বা খুনে সাজাপ্রাপ্ত— সবাইকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা যাবে। আগামী ২৫ জুন তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।
শুনানিতে বিচারপতি ঘোষ বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে মামলা বিচারাধীন, তদন্তও বন্ধ হয়নি। অথচ তেমন অগ্রগতি চোখে পড়েনি।’ আদালতের পর্যবেক্ষণ, সিবিআই তদন্তের আগে কিছু ত্রুটি বা গাফিলতির ইঙ্গিত মিলেছে। তাই মামলার গুরুত্ব ও সামাজিক প্রভাব বিবেচনা করে সিট গঠনের নির্দেশ।
পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহ রায় দাবি করেন, হত্যাকাণ্ডের পিছনে একাধিক চক্র থাকতে পারে। একজন ব্যক্তির অডিও-ভিডিয়ো আদালতে জমা দেওয়া হয়েছে। জয়ন্তর বক্তব্য, ৯ অগস্ট সকালে চিকিৎসক তরুণীর মায়ের কাছে তিনটি কলে একেক রকম তথ্য দেওয়া হয়। পরিবার দুপুর ১২টা নাগাদ হাসপাতালে পৌঁছলেও সঙ্গে সঙ্গে দেহ দেখতে দেওয়া হয়নি। প্রায় এক ঘণ্টা চেস্ট বিভাগের প্রধানের ঘরে বসিয়ে রাখা হয়। কয়েকজন পুলিশ আধিকারিককে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে কথা বলতেও দেখা যায়।
নতুন সিট গঠনের নির্দেশে আরজি কর মামলার তদন্তে গতি আসবে বলেই মনে করছে আদালত। তবে আগের তদন্তের স্ট্যাটাস কী হবে, তা নিয়ে আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে। সিবিআইয়ের নতুন তদন্তে একাধিক চক্রের সম্ভাবনা ও গাফিলতির অভিযোগ কতটা সামনে আসে, সেদিকেই নজর সবার।
