আজকের দিনেখেলাতিলোত্তমা

Football Coach : নিউ আলিপুরে মহিলাদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় রক্তাক্ত ফুটবল কোচ অসীম মন্ডল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা কি তবে আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে? মহিলাদের জন্য কি ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে সাংস্কৃতিক রাজধানী? শনিবার সন্ধ্যায় নিউ আলিপুরের ঘটনা ফের তুলে দিল সেই প্রশ্ন। মহিলাদের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন এক ফুটবল কোচ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় নিউ আলিপুর এলাকায়। একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন সোনারপুর ডায়নামিক ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল অ্যাকাডেমির প্রধান কোচ অসীম মন্ডল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী কয়েকজন মহিলার সঙ্গে অশালীন আচরণ শুরু করে।

প্রতিবাদে রুখে দাঁড়ান কোচ অসীম মন্ডল। অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। লাঠি ও ভারী বস্তু দিয়ে মাথায় একের পর এক আঘাত করা হয়। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে তাঁর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে ডাঃ অনর্জিত সাহা তাঁর চিকিৎসা করেন। মাথায় মোট ১১টি সেলাই পড়ে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে নিউ আলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে।

শহরের বুকে প্রকাশ্যে মহিলাদের হেনস্থা এবং প্রতিবাদীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতার মতো শহরে সন্ধ্যায় এমন ঘটনা মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলেও, নাগরিক মহলে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *