আজকের দিনেখেলাতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Arup Biswas-Messi : মেসি-কাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে, হাজিরা না দিলে গ্রেফতারির সম্ভাবনা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পালাবদলের পর চাপে ‘বিশ্বাস ব্রাদার্স’। ভাই স্বরূপ বিশ্বাস শ্রীলতাহানি মামলায় গ্রেফতার হওয়ার পর এবার দাদা অরূপ বিশ্বাসও বিপাকে। কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে প্রথম সমন এড়ানোর পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার হাজিরার নির্দেশ।

মেসির কলকাতা সফরের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই মামলায় টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসকে ৫ জুনের মধ্যে হাজিরার সমন পাঠানো হয়। কিন্তু তিনি হাজিরা দেননি।

বৃহস্পতিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবী মারফত বিধাননগর দক্ষিণ থানায় চিঠি দেন অরূপ। চিঠিতে হাজিরার জন্য ২ সপ্তাহ সময় চান প্রাক্তন মন্ত্রী। তবে পুলিশ তাঁর আবেদন না মেনে দ্বিতীয়বার তলব করেছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। প্রথম সমন এড়ানোর পর দ্বিতীয়বারও হাজিরা না দিলে কড়া পদক্ষেপ করতে পারে পুলিশ।

উল্লেখ্য, পালাবদলের পর থেকেই একের পর এক মামলায় জড়াচ্ছেন বিশ্বাস পরিবার। কিছুদিন আগেই শ্রীলতাহানি সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। এবার মেসি-কাণ্ডে চাপে দাদা অরূপ।

মেসির অনুষ্ঠান ঘিরে আর্থিক লেনদেনে গরমিলের অভিযোগ উঠেছে। সেই তদন্তেই বারবার ডাক পড়ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। পুলিশের দ্বিতীয় সমনের পর সোমবার অরূপ বিশ্বাস হাজিরা দেন কি না, সেদিকেই নজর সবার। হাজিরা এড়ালে গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *