আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

Kailash Mishra-Arrested-Bihar : পালিয়েও শেষরক্ষা হল না, বিহার থেকে গ্রেপ্তার তৃণমূল যুব সভাপতি কৈলাশ মিশ্র !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গা ঢাকা দিয়েও পার পেলেন না। বিহারের মধুবনীতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র। তোলাবাজি, মারধর, সরকারি কাজে বাধা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ছাব্বিশের ভোটে বালি কেন্দ্রে হেরে যাওয়ার পর থেকেই পলাতক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই দাপুটে নেতা।

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল শনিবার বিহারের মধুবনীতে হানা দেয়। কৈলাশ মিশ্রের এক আত্মীয়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কৈলাশের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, হুমকি, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বালি আসন থেকে তৃণমূলের টিকিটে লড়েছিলেন কৈলাশ। বিজেপি প্রার্থী সঞ্জয় কুমার সিংয়ের কাছে পরাজিত হন। ভোটের ফল ঘোষণার পর থেকেই গা ঢাকা দেন তিনি। পুলিশের দাবি, তারপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চলছিল।

রবিবার বিহারের স্থানীয় আদালতে পেশ করা হবে কৈলাশকে। সোমবার ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই বেসামাল তৃণমূল। গত এক মাসে একের পর এক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ আবার নিঃশব্দে সক্রিয় রাজনীতি থেকে সরছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কৈলাশ মিশ্রের গ্রেপ্তারি ঘিরে ফের অস্বস্তিতে তৃণমূল। পালাবদলের পর দলের একের পর এক নেতার গ্রেপ্তারিতে ছন্নছাড়া অবস্থা ঘাসফুল শিবিরের। কৈলাশকে জেরা করে আরও কোনও রাঘববোয়ালের নাম উঠে আসে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *