আজকের দিনেখেলাতিলোত্তমাবাংলার আয়না

Humayun-Mohammedan Sporting : ধুঁকতে থাকা মহামেডানের সভাপতি হুমায়ুন কবীর, রাজনীতিমুক্ত ক্লাব গড়ার বার্তা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ১৪ কোটি টাকার দেনা আর ISL থেকে অবনমনের ধাক্কা সামলাতে ১৩৫ বছরের ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার, ৬ জুন ক্লাব তাঁবুতে বিদায়ী সভাপতি আমিরউদ্দিন ববির পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা হতেই হুমায়ুন স্পষ্ট বার্তা দিলেন, ক্লাব পরিচালনায় কোনও রাজনৈতিক প্রভাব থাকবে না।

দায়িত্ব নিয়েই ক্লাবের আর্থিক দুরবস্থার ছবি তুলে ধরেন হুমায়ুন কবীর। তাঁর হিসেবে বর্তমানে মহামেডানের মোট দেনা ১৩ কোটি ৯৭ লক্ষ টাকা। তিনি বলেন, ‘এক মাসে এই দেনা মেটানো সম্ভব নয়। তবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে অন্তত অর্ধেক শোধ করার চেষ্টা করব। আর্থিক সমস্যার সমাধানই এখন প্রধান লক্ষ্য।’

২০১৭ সাল থেকে সভাপতির দায়িত্বে থাকা আমিরউদ্দিন ববি জানান, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী কমিটির সঙ্গে আলোচনা করেই হুমায়ুনকে বেছে নেওয়া হয়েছে। তাঁর আমলে মহামেডান তিনবার কলকাতা লিগ এবং আই লিগ জিতলেও বাঙ্কারহিল এবং শ্রাচী, দুই বিনিয়োগকারী সংস্থাই প্রতিশ্রুতি রাখেনি। শেয়ার দেওয়ার প্রক্রিয়াও সফল হয়নি।

ববির আক্ষেপ, ‘বিনিয়োগকারী ছাড়া ISL-এ টিকে থাকা সম্ভব নয়। সমর্থন না পাওয়ার ফলেই আমরা রেলিগেট হয়েছি। তবে মহামেডান শেষ হয়ে যায়নি।’

নতুন সভাপতি হুমায়ুন কবীর রাজনীতিমুক্ত ক্লাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি শুধু নির্দিষ্ট সম্প্রদায়ের নই, বাংলার মানুষের প্রতিনিধি। যে ভোট দিয়েছে, তারও প্রতিনিধি, যে দেয়নি তারও। ক্লাবের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলব।’ একই সঙ্গে ক্লাব পরিচালনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি।

ভারতীয় ফুটবলে অসংখ্য সাফল্যের সাক্ষী মহামেডান স্পোর্টিং। কিন্তু সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি ভঙ্গ, ISL থেকে অবনমন এবং বিপুল দেনার জেরে ধুঁকছে ১৩৫ বছরের ক্লাব। এই পরিস্থিতিতে নেতৃত্ব বদলকে ঘুরে দাঁড়ানোর পদক্ষেপ হিসেবে দেখছেন সমর্থকরা।

হুমায়ুন কবীরের ঘোষণা অনুযায়ী, দু’সপ্তাহের মধ্যে প্রায় ৭ কোটি টাকা শোধ হলে দেনার বড় বোঝা কমবে। রাজনীতিমুক্ত ও আর্থিকভাবে স্বচ্ছ মহামেডান ফের ভারতীয় ফুটবলের মূল স্রোতে ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *