Cricket-IPL : প্লে-অফের আশা বাঁচাতে বড় জয়ের লক্ষ্যে প্রতিপক্ষ দিল্লির মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স !
কিউ ইন্ডিয়া বাংলা: ঘরের মাঠ ইডেন গার্ডেনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মরণবাঁচন ম্যাচে নামছে আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে হারাতে হবে দিল্লিকে। প্রথমে ব্যাট করলে অন্তত ৮০ রানের কাছাকাছি ব্যবধানে জিততে হবে কেকেআরকে। আর রান তাড়া করতে নামলে হাতে অন্তত ৮ ওভার বাকি রেখেই ম্যাচ শেষ করতে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রাজস্থান রয়্যালসের ম্যাচের দিকেও। আজ রাজস্থান জিতে গেলে কলকাতার প্লে-অফের দরজা বন্ধ হয়ে যাবে।
কলকাতা নাইট রাইডার্সের কাছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে-অফের অঙ্কে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই। প্রথমে ব্যাট করলে স্কোরবোর্ডে বড় রান তুলতেই হবে কেকেআরকে।
ওপেনিংয়ে নজর থাকবে ফিন অ্যালেনের দিকে। তাঁর ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। কয়েকটি ম্যাচ ছাড়া এবারের টুর্নামেন্টে ফ্লপ অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই ম্যাচে তাঁকে দায়িত্ব নিতেই হবে। বিশেষ নজর থাকবে ক্যামেরন গ্রিনের দিকেও।
ম্যাচের আগে বড় ধাক্কা কেকেআর শিবিরে। দলের সফলতম ব্যাটার অঙ্গক্রিশ রঘুবংশী ছিটকে গেছেন। তাঁর বদলে তেজস্বী দাহিয়াকে উইকেটের পিছনে দেখা যাবে। প্রথম একাদশে থাকছেন মণীশ পাণ্ডেও। তাঁর ব্যাট থেকেও বড় রানের আশায় নাইট সমর্থকরা। শেষদিকে স্লগ ওভারে রভম্যান পাওয়েলের ব্যাট থেকে যত বেশি সম্ভব রান তোলাই লক্ষ্য।
বোলিংয়ে নাইটদের প্রধান দুই অস্ত্র সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। এই দুই স্পিনারের সাফল্যের ওপর অনেকটাই নির্ভর করছে কেকেআরের হারজিত। শেষ ম্যাচে বরুণ সেভাবে সফল না হলেও, এই টুর্নামেন্টে কলকাতা যে ক’টা ম্যাচ জিতেছে সেখানে এই দু’জনই কামাল করেছেন। এছাড়া এবারের কেকেআরের সর্বোচ্চ উইকেটশিকারি কার্তিক ত্যাগীর বোলিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দিল্লিকে আটকাতে।
দিল্লি ক্যাপিটালসের প্লে-অফের সম্ভাবনা পুরোপুরি শেষ না হলেও সমীকরণটা ভীষণ কঠিন। আপাতত এই ম্যাচটা জেতাই একমাত্র লক্ষ্য অধিনায়ক অক্ষর প্যাটেলের দিল্লির।
ওপেনিংয়ে অভিষেক পোড়েল ও কে এল রাহুলকে দেখা যেতে পারে। অভিষেকের কাছে এটা বাড়তি অ্যাডভান্টেজ। বাংলার ছেলে তিনি, ইডেন গার্ডেন্স তাঁর হাতের তালুর মতো চেনা। ঘরের মাঠে বড় রানের আশায় থাকবেন অভিষেক। পাশাপাশি রাহুলের অভিজ্ঞতার ওপরেও অনেকটা নির্ভর করবে দিল্লির ব্যাটিং। মিডল অর্ডারে সমীর রিজভি, আশুতোষ শর্মা এবং অধিনায়ক অক্ষর প্যাটেলও ভালো ব্যাটিং করতে পারেন। এই ম্যাচে তাঁদেরকেও রান করতে হবে।
বোলিংয়ে দিল্লির ভরসা মিচেল স্টার্ক, কাইল জেমিসন, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। স্টার্ক ২০২৪ সালে কলকাতাকে আইপিএল জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। বিশ্ব ক্রিকেটে ভয়ঙ্কর পেসার তিনি। লুঙ্গি এনগিডির অভিজ্ঞতাও দিল্লির অন্যতম প্রধান শক্তি। কুলদীপ যাদব আগে কলকাতা নাইট রাইডার্সের হয়েই ইডেনে বহু ম্যাচ খেলেছেন। আজ পুরোনো দলের বিরুদ্ধে তাঁর দিকেও বিশেষ নজর থাকবে। দিল্লির প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। এই ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকবে পাঞ্জাব কিংসও।
কলকাতা নাইট রাইডার্সের কাছে এটা কার্যত ডু-অর-ডাই ম্যাচ। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জেতা ছাড়া কলকাতার আর কোনও রাস্তা নেই। এবার দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচে কি ফলাফল হয় ?
