Corruption-TMC : দুর্নীতির অভিযোগে উত্তাল পাথরপ্রতিমা, বিজেপির বিক্ষোভ-ডেপুটেশন !
কিউ ইন্ডিয়া বাংলা:- দুর্নীতির অভিযোগে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর ও গোপালনগর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল বিজেপি। সকাল থেকেই হাজার হাজার সমর্থক দুই পঞ্চায়েত অফিস ঘিরে প্রতিবাদে সামিল হন। পরিস্থিতি সামলাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত চত্বরে সকাল থেকেই জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। পঞ্চায়েত অফিসের সামনে মাইক লাগিয়ে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। এই পঞ্চায়েতটি স্থানীয় বিধায়ক সমীর কুমার জানার বাড়ির অতি কাছেই অবস্থিত।
গোপালনগর গ্রাম পঞ্চায়েতেও ডেপুটেশন জমা দিতে হাজির হন বিজেপি নেতৃত্ব। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বাকবিতণ্ডা হয়। পঞ্চায়েত অফিসের গেটে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পাথরপ্রতিমা ও ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করে বিক্ষোভকারীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, আবাস যোজনা, একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।
এখনও দুই পঞ্চায়েতেই পরিস্থিতি বেশ উত্তপ্ত । এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে বিজেপির এই কর্মসূচি আগামী দিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
