পুকুরে মাছ ধরতে নেমে মর্মান্তিক পরিণতি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। শুক্রবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি মধুখালির দক্ষিণ বুধাখালি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দম্পতি শিবশংকর সরদার ও শিবানী সরদারের। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রবল ঝড়বৃষ্টি হয় এলাকাজুড়ে। ঝড়ের দাপটে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং বহু গাছ উপড়ে যায়। সেই সময়ই একটি বিদ্যুৎবাহী তার ছিড়ে দম্পতির পুকুরে পড়ে যায় বলে অভিযোগ। তবে বিষয়টি কারও নজরে আসেনি।
ঝড় থামার পর দুপুরে নিজেদের পুকুরে মাছ ধরতে যান শিবশংকর ও শিবানী। পুকুরে নামার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। জলের মধ্যে তাঁদের ছটফট করতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দু’জনকে উদ্ধার করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃত দম্পতির এক নাবালক ছেলে ও এক নাবালক মেয়ে রয়েছে। হঠাৎ বাবা-মাকে হারিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়।ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঝড়বৃষ্টির পরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় আরও দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত। শোকস্তব্ধ দক্ষিণ বুধাখালি গ্রাম আজ দুই পরিশ্রমী মানুষের অকাল প্রয়াণে স্তব্ধ।
