বাসন্তীর কুমড়োখালিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার, নতুন করে প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের কুমড়োখালি গ্রামে শনিবার ভোররাতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,পুলিশি অভিযানে একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর সামনে আসতেই গোটা এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার ৮ নম্বর ব্লকের কুমড়োখালি গ্রামের বাসিন্দা জাফর শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই অস্ত্র সেখানে কীভাবে এল, কার উদ্দেশ্যে রাখা হয়েছিল কিংবা এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গ্রামীণ এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা নতুন নয়, কিন্তু বারবার এমন ঘটনা সামনে আসা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।ঘটনাটিকে ঘিরে বিজেপি নেতা বিকাশ সরকার বলেন, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনও সরকারি বা প্রশাসনিক বক্তব্য সামনে আসেনি।
