আজকের দিনেআবহাওয়াতিলোত্তমা

বঙ্গে বর্ষা কবে? বিগ আপডেট দিল আবহাওয়া দফতর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দীর্ঘদিনের ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। রাস্তায় নেমে গলদঘর্ম হয়ে ঘরে ফিরছে মানুষ। ফলে রাস্তায় বের হলেই নাভিশ্বাস উঠছে। তবে এই অবস্থা আর বেশিদিন কাটাতে হবে না। স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। রাজ্যে বর্ষা প্রবেশে আর খুব বেশি দেরি নেই। দুই দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে। এর ফলে গরমজনিত অস্বস্তি কিছুটা কমবে বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতর। তবে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে কিছুটা কমছে গরম। আগামী কয়েকদিনে তা আরও কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৪ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমে গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে।

 

আবহাওয়াবিদদের মতে,  উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ১.৫ কিলোমিটার বেগে ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে বিহার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ১৪ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

অন্যদিকে উত্তরবঙ্গেও বর্ষার আবহ আরও জোরালো হতে চলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। অনেক জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এবং নদী সংলগ্ন অঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *