ইউনেসকোর নাম ভাঁড়িয়ে প্রিপুজোর টিকিট বিক্রির অভিযোগ, আইনি বিপাকে সস্ত্রীক ইন্দ্রনীল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- বেআইনিভাবে ইউনেসকোর নাম ব্যবহার করে প্রিপুজোর টিকিট বিক্রির অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বউবাজার থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে একটি আন্তর্জাতিক পর্যটন সংস্থা। অভিযোগ, দুর্গাপুজোকে কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালাতেন তাঁরা।
আন্তর্জাতিক পর্যটন সংস্থার দাবি, ইউনেসকোর অনুমোদন ছাড়াই ইউনেসকোর নাম ভাঁড়িয়ে প্রিপুজোর বিশেষ ট্যুর প্যাকেজ ও টিকিট বিক্রি করা হচ্ছিল। বিদেশি পর্যটকদের টার্গেট করেই এই টিকিট বিক্রি চলত বলে অভিযোগ। ইউনেসকোর হেরিটেজ তকমাকে ব্যবহার করে মোটা টাকায় প্যাকেজ বিক্রির অভিযোগ উঠেছে সস্ত্রীক ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে।
বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সংস্থাটি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দুর্গাপুজোকে ঘিরে বেআইনি বাণিজ্য চক্র চালানোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ইউনেসকো ২০২১ সালে কলকাতার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’ তালিকায় অন্তর্ভুক্ত করে। তারপর থেকেই পুজোকে ঘিরে বিভিন্ন প্যাকেজ ট্যুরের রমরমা শুরু হয়।
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি ইউনেসকোর নাম ভাঁড়ানোর অভিযোগ ওঠায় শোরগোল পড়েছে। পুলিশি তদন্তে অবৈধ বাণিজ্য চক্রের হদিস মেলে কি না, সেটাই এখন দেখার। অভিযোগ প্রমাণিত হলে বড়সড় আইনি জটে পড়তে পারেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন।
