ফের বিমান বাতিল, এখনো কলকাতায় আটকে ক্যারিবিয়ান ক্রিকেটাররা
কিউ ইন্ডিয়া বাংলা :- ওয়েস্ট ইন্ডিজ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ১০ দিন হতে চলল। তবুও এখনো কলকাতা ছেড়ে বেরোতে পারেননি ড্যারেন স্যামিরা । মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশ সীমা বন্ধ । সে কারণে এখনো দেশে ফিরতে পারেননি জেসন হোল্ডার – শাই হোপরা । মঙ্গলবার তাদের দেশে ফেরার বিমান থাকলেও অন্তিম মুহূর্তে তা বাতিল হয় । এই পরিস্থিতিতে ক্যারিবিয়ান ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগেই নিজেদের দেশে ফেরার কথা ভাবছেন ।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরান যুদ্ধ প্রায় ১০ দিন হতে চলল । আর এই যুদ্ধের প্রভাব এই তিনটি ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে তা ছড়িয়ে পড়েছে। যার কারণে মধ্যপ্রাচ্যের আকাশ সীমা পুরোপুরিভাবে বন্ধ রয়েছে । সে কারণেই কলকাতাতে আটকে পড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের ক্রিকেটার । মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে তাদের দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করা হয়েছিল , কিন্তু প্রয়োজনীয় অনুমতি বাতিল হওয়ায় বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেনি। সূত্রের খবর ক্যারিবিয়ান ক্রিকেটাররা এবার নিজেদের উদ্যোগেই দেশে ফেরার চেষ্টা করছেন । নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার ১০ দিন পরেও ভারতে আটকে পড়ে রয়েছেন তারা । দেশে ফিরতে না পেরে তারা ক্রমশ হতাশাগ্রস্থ হচ্ছেন । ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটারকে আইপিএল খেলার জন্য ভারতে ফিরে আসতে হবে কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তারা দেশে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করা এবং ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের ভারতে আটকে থাকা এই আবহের মধ্যে ঘটে গেল একটি তাৎপর্যপূর্ণ ঘটনা । বিগত শনিবার ৭ই মার্চ আকাশ সীমা আংশিক ভাবে খোলা হয়েছিল সেই সময় ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফেরার বিমান ধরেছিলেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে ইংল্যান্ড দেশে ফেরার বিমান পেলেও ওয়েস্ট ইন্ডিজ কেন পাচ্ছে না ? যা নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক । ইংল্যান্ডের এক প্রাক্তন ক্রিকেটার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করেছেন । তিনি লিখেছেন কোন দেশের বোর্ড কতটা ক্ষমতাশালী সেটা বিচার করা ঠিক নয় । তার ইঙ্গিত স্পষ্ট শক্তিশালী বোর্ড হওয়ার কারণে ইংল্যান্ড ক্রিকেটাররা আগে বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছেন। অপেক্ষাকৃত দুর্বল বোর্ড হওয়ায় রোমারিও শেফার্ড- জেসন হোল্ডাররা এখনো ভারতে আটকে আছেন।
