আজকের দিনেখেলাবিশ্ব

Cricket-England : পুরুষদের ক্রিকেটে ইতিহাস, ইংল্যান্ডের টেস্ট দলে ফিল্ডিং কোচ হলেন সারা টেলর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :-
পুরুষদের ক্রিকেটে মহিলা কোচ, বিশ্ব ক্রিকেটে লেখা হল নতুন অধ্যায়। ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন প্রাক্তন মহিলা উইকেটকিপার সারা টেলর। মেয়েদের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা উইকেটকিপার হিসাবে পরিচিত সারা অবসরের পর নতুন চ্যালেঞ্জে নামলেন।

আপাতত লম্বা মেয়াদি চুক্তি নয়, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সারাকে। এই সিরিজ দিয়েই পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে কোচ হিসাবে অভিষেক হচ্ছে তাঁর। প্লেয়ার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিংকেই পাখির চোখ করেছেন সারা। সেই লক্ষ্যেই পুরুষদের ক্রিকেট দলের সঙ্গে কাজ শুরু করলেন তিনি।তবে ইংল্যান্ডের সিনিয়র পুরুষ দলে যোগ দেওয়ার আগেই কোচিংয়ে হাত পাকিয়েছেন সারা টেলর। অ্যান্ড্রু ফ্লিনটফের অধীনে ইংল্যান্ড লায়ন্সে কোচিং করিয়েছেন তিনি। পাশাপাশি সাসেক্সের পুরুষ দল এবং দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজ়ি ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গেও কাজ করেছেন। একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের সঙ্গে কোচিংয়ের অভিজ্ঞতা তাঁকে এই নতুন দায়িত্বের জন্য তৈরি করেছে। সারা টেলরকে নতুন ভূমিকায় পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি। তিনি বলেন, ‘আমার মতে এই মুহূর্তে এই কাজের জন্য সারাই সেরা। ও দারুণ কোচ এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে কাজ করেছে। ওদের সঙ্গে কথা বলেই আমি নিশ্চিত হয়েছি, সারাই যোগ্যতম।’ খেলোয়াড় জীবনে সারা টেলর ইংল্যান্ডের জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন। ২২৬টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ব্যাট হাতে রান করার পাশাপাশি গ্লাভস হাতে উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা বিশ্ব ক্রিকেটে নজির গড়েছে। ২০০৯ ও ২০১৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

পুরুষদের ক্রিকেটে মহিলা কোচ নিযুক্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়, তবে টেস্ট ক্রিকেটের মতো প্রাচীন ফরম্যাটে সারা টেলরের নিয়োগ নিঃসন্দেহে ঐতিহাসিক। ক্রিকেট যে ক্রমশ লিঙ্গ-বৈষম্যের দেওয়াল ভাঙছে, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। মাঠে ফিল্ডিংয়ের মানোন্নয়নে সারা কী ভূমিকা রাখেন, নিউ জিল্যান্ড সিরিজেই তার প্রথম ঝলক দেখবে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *