রথযাত্রায় মায়াপুরে দিলীপ ঘোষ! সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা মোদি-শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, নদিয়া ও কলকাতা :-আজ দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা। এই পুণ্যলগ্নে দেশবাসীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী লিখলেন মোদি ও শুভেন্দু?
পবিত্র রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,“পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। এই উৎসব ভারতের শাশ্বত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। রথযাত্রার সঙ্গে জড়িত রীতিনীতি ভারত তথা বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এসেছে। এই উৎসব বিনম্রতা, সম্মিলিত অংশগ্রহণ এবং নিঃস্বার্থ সেবার আদর্শকে অনুপ্রাণিত করে। মহাপ্রভু জগন্নাথ সকলকে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি দিক।”
সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল এবং কল্যাণ কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
অন্যদিকে, রথের পবিত্র সকালে মায়াপুর ইসকন মন্দিরে সপরিবারে হাজির হয়ে পুজো ও যজ্ঞানুষ্ঠানে শামিল হলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মায়াপুরে সপরিবারে দিলীপ ঘোষ: করলেন গোসেবা ও যজ্ঞাহুতি
রথযাত্রার পুণ্যলগ্নে সাতসকালে মা এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ইসকনের হেডকোয়ার্টার মায়াপুরে আসেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে পৌঁছে তিনি সপরিবারে মহাপ্রভুর উদ্দেশে আরতি করেন। এরপর তিনি অংশ নেন বিশেষ বৈদিক যজ্ঞানুষ্ঠানে। স্ত্রীকে সঙ্গে নিয়ে যজ্ঞে আহুতি দেন এই বিজেপি নেতা।
যজ্ঞের পর গোমাতার পুজো এবং গোসেবা করেন দিলীপ ঘোষ। নিজের হাতে গোমাতাকে খাবার খাওয়ানোর পাশাপাশি পরম ভক্তিতে গরুর পা ধুইয়ে দেন তিনি। ইসকনের মতো আন্তর্জাতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠানের রথযাত্রায় অংশ নিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত বলে জানান।
“তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ, মশা-মাছিও ঢুকবে না”
মায়াপুরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কড়া মন্তব্য করেন দিলীপ ঘোষ। বর্তমান দলবদলের আবহে স্পষ্ট ভাষায় তিনি বলেন, “তৃণমূলের জন্য বিজেপির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখন আর দলটিতে মশা বা মাছি পর্যন্ত ঢুকতে পারবে না।”
পাশাপাশি, সম্প্রতি তৃণমূল নেতা মদন মিত্রের শিবির বদল করা বা দল নিয়ে মান-অভিমানের যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেই প্রসঙ্গে দিলীপ বাবু জানান, এটি সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়, তাই এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।
