Mamata-Court : আইনজীবীর পোশাকে আদালতে মমতা, এনরোলমেন্ট নিয়ে প্রশ্নে ৪৮ ঘণ্টার ডেডলাইন BCI-এর !
কিউ ইন্ডিয়া বাংলা :-
আইনজীবী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট রয়েছে কি না এবং তাঁর প্র্যাকটিসের বর্তমান অবস্থান কী, তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে চিঠি পাঠাল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার পাঠানো নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, দু’দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের জন্য নির্ধারিত কালো কোট ও সাদা ব্যান্ড পরেই আদালত কক্ষে প্রবেশ করেন তিনি। সংশ্লিষ্ট মামলায় নিজেই সওয়াল করেন। আদালতে তাঁর এই উপস্থিতির পরেই প্রশ্ন ওঠে, বর্তমানে তিনি আদৌ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী কি না।সেই প্রশ্নের জবাব পেতেই আসরে নামে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তারা চারটি নির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়েছে।
প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তালিকাভুক্ত আইনজীবী কি না।
দ্বিতীয়ত, আইনজীবী হিসাবে তাঁর প্র্যাকটিসের স্ট্যাটাস বর্তমানে সক্রিয়, স্থগিত না বাতিল অবস্থায় রয়েছে।
তৃতীয়ত, মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্র্যাকটিস স্থগিত রাখার বিষয়ে কোনও লিখিত বার্তা বা বিজ্ঞপ্তি তিনি বার কাউন্সিলে জমা দিয়েছিলেন কি না। চতুর্থত, পরবর্তীকালে প্র্যাকটিস পুনরায় শুরু করার জন্য কোনও আবেদন জমা পড়েছিল কি না।
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গত ৪ ফেব্রুয়ারি SIR সংক্রান্ত একটি মামলায় দীর্ঘদিন পর আইনজীবীর পোশাকে সুপ্রিম কোর্টে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেই মামলায় তিনি নিজেই সওয়াল করেন।
নির্বাচনে পরাজয়ের পরেই মমতা ঘোষণা করেছিলেন, দলের বিভিন্ন আইনি লড়াইয়ে তিনি এবার সরাসরি অংশ নেবেন। পেশাগতভাবে আইনজীবী হিসাবে কাজ চালিয়ে যাবেন বলেও জানান। সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাতেই বৃহস্পতিবার প্রথম হাইকোর্টে হাজির হন তিনি।
আইনজীবী মহলের একাংশের বক্তব্য, অ্যাডভোকেটস অ্যাক্ট অনুযায়ী কোনও ব্যক্তি পূর্ণ সময়ের সাংবিধানিক পদে থাকলে তিনি আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে পারেন না। সেক্ষেত্রে তাঁকে বার কাউন্সিলে প্র্যাকটিস স্থগিত রাখার আবেদন জানাতে হয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ম মেনেছিলেন কি না, কিংবা পরে তা প্রত্যাহার করেছেন কি না, সেটাই এখন খতিয়ে দেখছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নতুন বিতর্ক উসকে দিল। তাঁর এনরোলমেন্ট ও প্র্যাকটিসের বৈধতা নিয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল শীর্ষ আইনজীবী নিয়ামক সংস্থা। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য বার কাউন্সিল কী রিপোর্ট দেয়, সেদিকেই তাকিয়ে আইনি মহল। রিপোর্টের উপরেই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে সওয়ালের ভবিষ্যৎ।
