শীতলকুচির বুথে ৯৯% ভোট, কোচবিহারজুড়ে নজিরবিহীন ৯৬.৪ শতাংশ
কিউ ইন্ডিয়া বাংলা,কোচবিহার: ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে নয়া নজির গড়ল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তাতে ভোটদানের হার প্রায় ৯২ শতাংশ। তবে সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে কোচবিহার জেলা। জেলায় মোট ভোট পড়েছে ৯৬.৪ শতাংশ। সবচেয়ে বেশি নজর কেড়েছে শীতলকুচি বিধানসভা, যেখানে ভোটদানের হার প্রায় ৯৮ শতাংশ।
শীতলকুচির বুথে কার্যত ১০০% উপস্থিতি
শীতলকুচির বিপিনচন্দ্র রায় পূর্বপাড়া পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের ২০৩ নম্বর বুথটি এখন আলোচনার কেন্দ্রে। এই বুথে:
-
মোট ভোটার: ৬৩৯ জন।
-
বৈধ ভোটার: ৬৩৭ জন (২ জনের মৃত্যু হয়েছে)।
-
প্রদত্ত ভোট: ৬৩১টি (৬৩০টি ইভিএম এবং ১টি পোস্টাল ব্যালট)।
-
ভোট দিতে পারেননি: মাত্র ৬ জন (সবাই পরিযায়ী শ্রমিক)।
বুথের বিএলও তথা প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বর্মন জানিয়েছেন, “আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের উৎসাহ দিয়েছি। বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এসে ভোট দিয়েছেন। যারা ভিন রাজ্যে কাজের চাপে ফিরতে পারেননি, সেই ৬ জন বাদ দিলে এই বুথে ১০০ শতাংশ ভোটই হয়ে যেত।”
শীতলকুচির ঘুরে দাঁড়ানো
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচির জোরপাটকি গ্রামেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার যুবকের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি এবং শোককে সঙ্গী করেই এবার মানুষ যেভাবে ব্যালট বক্সে নিজেদের অধিকার সাব্যস্ত করেছেন, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
