রাজ্যে আরও ৪ মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস ! স্বাস্থ্য পরিকাঠামোয় মেগা চমক শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বদলাতে বড় পদক্ষেপ নতুন সরকারের। রাজ্যের যে চারটি জেলায় এখনও কোনও মেডিক্যাল কলেজ হাসপাতাল নেই, সেখানে দ্রুত নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলার তোড়জোড় শুরু হলো। নবান্নে স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানান, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর— এই চার জেলায় এতদিন কোনও মেডিক্যাল কলেজ ছিল না। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ’—কে বাস্তবায়িত করতে এবার এই চার জেলাতেই নতুন মেডিক্যাল কলেজ মানের হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার।
কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে বড় পদক্ষেপ
রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের রূপরেখা নিয়ে তিনি জানান:
-
কেন্দ্রকে প্রস্তাব: নতুন ৪টি মেডিক্যাল কলেজ তৈরির জন্য প্রয়োজনীয় জমি এবং যাবতীয় পরিকল্পনা খুব দ্রুত প্রস্তাব আকারে ভারত সরকারের কাছে পাঠানো হচ্ছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে।
-
উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস (AIIMS): কল্যাণীর পর এবার রাজ্যের দ্বিতীয় এইমস হাসপাতাল তৈরি হতে চলেছে উত্তরবঙ্গে। এর জন্য উত্তরবঙ্গের সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা করে কেন্দ্র সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে রাজ্য।
-
অর্থের অভাব হবে না: মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করার জন্য টাকা বা ফান্ড কোনওভাবেই বাধা হয়ে দাঁড়াবে না।
দিল্লির গ্রিন সিগন্যাল: একসঙ্গেই এল বিপুল টাকা
বিগত সরকারের আমলে কেন্দ্রের টাকা আটকে থাকা নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, ‘ডাবল ইঞ্জিন’ সরকার আসতেই সেই জট কেটে গেল। এ দিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির জন্য বড়সড় আর্থিক সাহায্য পাঠিয়েছে । যেমন- স্বাস্থ্য মিশন (NHM)-এর জন্য ২,১০৩ কোটি টাকা । প্রথম দফার ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে। এবং আয়ুষ্মান ভারত প্রকল্প -এর জন্য ৯৭৬ কোটি টাকা । কেন্দ্রের নিজস্ব ভাগের সম্পূর্ণ টাকা বরাদ্দ করা হয়েছে ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান রাজ্য সরকারের সময়ে আমরা শুরু করতে চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন।”
