আজকের দিনেবাংলার আয়না

বোলপুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বীরভূমের বোলপুরে কংকালীতলা অঞ্চলের আমডহরা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হল থরে থরে সাদা থান, বোমা তৈরির সুতলি দড়ি, পাথর ও মশলা। ভোটের ফল ঘোষণার দিন থেকেই বন্ধ ছিল ওই পার্টি অফিস। শনিবার স্থানীয় বিজেপি কর্মীরা কার্যালয়ের তালা খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য।

স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, ভোটের ফলপ্রকাশের পর হিংসা ছড়ানো এবং বিজেপি কর্মীদের ভয় দেখাতেই আগে থেকে এইসব জিনিস মজুত করে রাখা হয়েছিল। বাম আমলে বিরোধীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে ভয় দেখানোর সংস্কৃতি ছিল। তৃণমূল আমলেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে। এবার বিধানসভা ভোটের সময়ও বহু বিজেপি কর্মীর বাড়ির বাইরে সাদা থান পাওয়া গিয়েছিল বলে অভিযোগ।বিজেপির দাবি, তৃণমূল জিতলে বোমা তৈরি করে এলাকায় হিংসা ছড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু রাজ্যে ও জেলায় বিজেপি জেতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর থেকেই বন্ধ ছিল ওই কার্যালয়। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বীরভূমের তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কেউ ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”বোলপুর এলাকা তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় বলেই পরিচিত। এবার বীরভূমের ১১টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছে বিজেপি। রাজ্যেও ২০৭টি আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর থেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছেন অনুব্রত। এই ঘটনায় এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

ভোটের ফলপ্রকাশের পর বন্ধ থাকা তৃণমূলের পার্টি অফিস থেকে সাদা থান ও বোমার সামগ্রী উদ্ধারের ঘটনায় বোলপুরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ হিংসার ছক, তৃণমূলের দাবি দলের কোনও যোগ নেই। ঘটনার তদন্ত শুরু না হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *