দূর থেকে নজর কাড়বে বাড়ি, সৌন্দর্য বাড়াতে এই গাছ লাগান
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতাঃ ফুল ভালোবাসে না এমন লোক খুব কমই আছেন। কম-বেশী সকলেই বাড়িতে বাগান করতে পছন্দ করেন। এমনকি ছোট্ট বারান্দাযুক্ত দু-কামরার ফ্ল্যাটেও বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকেন।কিছু কিছু রঙিন ফুল টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে নামীদামি ঘর সাজানোর জিনিসকেও।ঝুলন্ত টবে লাগানো যায় এমন বাহারি গাছ কম নেই। তার মধ্যে মধ্যে বেছে নিন তিনটি।
মিলিয়ন বেল:
ঝোপের মতো গাছে যখন ফুল ফোটে, মনে হয় যেন রঙিন ঘণ্টা। সাদা, গোলাপি, লাল— নানা রঙের ছোট ছোট ফুলের থোকা এই গাছ থেকে ঝুলে পড়ে। ঝুলন্ত টব থেকে গাছটিকে কিছুটা নীচের দিকে বাড়তে দিন। তবে গাছটি যেন ঝোপের মতো হয়। এই ধরনের গাছের জন্য ৬-৮ ঘণ্টা সূর্যালোকের দরকার। তবে তীব্র তাপে গাছ শুকিয়ে যেতে পারে। এই গাছের জন্য উপযুক্ত জলনিকাশি ব্যবস্থা যুক্ত মাটি দরকার।
আইভি জেরানিয়াম:
জেরানিয়ামেরই একটি প্রজাতি, তবে আইভি জেরানিয়াম লতানে হয়। উজ্জ্বল, লাল, গোলাপি রঙের হয় এই গাছ। জানলার বাইরের দিকে বক্স করে সেখানে এই গাছ বসাতে পারেন। ঝোপের মতো হয়ে লতানে গাছ যখন নীচে নেমে আসবে, বাড়ির সৌন্দর্যই বদলে যাবে। ৬ ঘণ্টা সূর্যালোকের প্রয়োজন গাছটির বেড়ে ওঠার জন্য। মাটিতে জল বসলে গাছের ক্ষতি, তাই মাটি থেকে যাতে দ্রুত জল বেরিয়ে যায়, দেখতে হবে।
উইশবোন ফ্লাওয়ার:
রঙিন ফুলগুলি ফুটলে দূর থেকে দেখে মনে হয় গাছে প্রজাপতি বসে আছে। ঝুলন্ত টবে বসাতে পারেন এই গাছও। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া গাছের পছন্দ, তবে চড়া রোদে গাছ নষ্ট হতে পারে। হালকা ছায়াযুক্ত স্থানে এই গাছ রাখুন। উপযুক্ত জলনিকাশি ব্যবস্থাযুক্ত মাটি এই গাছের জন্য ভাল।
