হুমায়ুনের ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন অমিত শাহ ?
কিউ ইন্ডিয়া বাংলা:- গতকাল ৯ এপ্রিল বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ‘ডিল সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। ভিডিওটি ভাইরাল হতেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। বিজেপির সঙ্গে হুমায়ুনের আঁতাতের ভিডিও প্রকাশ করে সাংবাদিক সম্মেলনে বিজেপি ও হুমায়ূনকে কাঠগড়ায় দাড় করিয়েছিল তৃণমূল। আজকে বিজেপির সংকল্প পত্র প্রকাশ এর সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় মন্তব্য করলেন। ওই ধরনের ভিডিও তৃণমূল কংগ্রেস অনেক করতে পারে! এমনই কথা জানিয়েছেন শাহ।
প্রসঙ্গত আজ, শুক্রবার ১০ এপ্রিল বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সংকল্পপত্রে রাজ্যবাসীর জন্য একাধিক জনমুখী ঘোষণা করেছেন তিনি। সাংবাদিকদের তরফে শাহকে হুমায়ুন কবীরের ভিডিও নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ‘ডিল’ হয়েছে বলে একটি ভিডিওতে হুমায়ুন কবীরকে বলতে শোনা গিয়েছে! যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করে সংবাদ প্রতিদিন ডিজিটাল। রাজ্যের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাঙতে, তৃণমূল কংগ্রেসকে সরাতে বিজেপি গভীর ষড়যন্ত্র করছে? হুমায়ুন কবীরের মাধ্যমে সেই কাজের চেষ্টা চলছে? এমন অভিযোগ উঠছে। এদিন সাংবাদিকদের পক্ষ থেকে হুমায়ুনের ওই বিজেপির সঙ্গে ডিলের প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয়। সেই বিষয়ে অমিত শাহ জানিয়েছেন, তৃণমূল এমন ভিডিও অনেক বানাতে পারে। শুধু তাই নয়, হুমায়ুন কবীরের দলের সঙ্গে তাঁদের কোনওরকম সম্পর্ক নেই! সেই কথাও জানিয়েছেন। শাহ জোর গলায় জানিয়েছেন, বাবরি মসজিদের বিরুদ্ধে বিজেপি। যারা বাবরি মসজিদ বানায়, তাঁদের সমর্থন করার থেকে আরও ২০ বছর সংসদীয় গণতন্ত্রে বিরোধী হিসাবে থাকা ভালো।
অমিত শাহের এদিনের বক্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ, হুমায়ুন কবীরের ওই বক্তব্যের ভিডিওর সত্যতা নিয়ে তিনিও প্রশ্ন তুললেন। তৃণমূল এমন ভিডিও অনেক বানাতে পারে, তেমন কথাও জানিয়েছেন শাহ। বিতর্কিত ভিডিওটি প্রকাশ হওয়ার পরেই হুমায়ুন কবীর জানিয়েছেন, সেটি ‘ফেক’, তৃণমূল এই কাজ করেছে। অমিত শাহও এদিন ভিডিওটি ফেক এমনই ইঙ্গিত করেছেন! তাহলে তিনিও কি ঘুরিয়ে হুমায়ূনকে সমর্থন করলেন ?
