Vote-Dilip Ghosh : শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, পরিবর্তন হবেই, বললেন বিজেপির দিলীপ ঘোষ……
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ । রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই প্রত্যেক বুথে ভোটারদের লাইন । অন্যান্য সকলের মত নিজের কেন্দ্রে ভোট দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । ভোট দিয়ে তিনি বললেন ” খড়্গপুরে মানুষ সকাল থেকে ভোটের লাইনে । মানুষ ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে ” । তিনি আরো বলেন , ” প্রথম দফায় রাজ্যের অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । কোথাও কোনো অশান্তির খবর নেই । নির্বাচন কমিশন ভাল কাজ করছে। কড়া নজরদারি চলছে । বাংলায় এবার পরিবর্তন হবেই । ”
২০২৬ বিধানসভা নির্বাচনে তার পুরানো কেন্দ্র খড়গপুর সদর থেকে তাকে প্রার্থী করে বিজেপি । তারপর এই প্রচারে ঝড় তুলেছিলেন দিলীপ ঘোষ । আজ ভোটের দিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ইডলি বড়া সহযোগে প্রাতরাশ সারেন। সাদা পাজামা পাঞ্জাবি পরে তিনি বেরিয়ে পড়েন । খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামে ২৬৩ নম্বর বুথে ভোট দেন দিলীপ ।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরো বলেন ” বাংলার মানুষ ভোটে নিরাপত্তা চায়। বিগত পঞ্চাশ বছর ধরে ভোটে অশান্তি হয়ে আসছে । এবারে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রচারের সময় থেকে খুব বেশি অশান্তি হয়নি বিক্ষিপ্তভাবে যা হয়েছে তা কড়া ভাবে দমন করেছে কমিশন। মেদিনীপুরের দাঁতনে একটি বড় ঘটনা ঘটেছে। সংখ্যালঘু এলাকায় আমাদের কর্মীদের আহত করা হয়েছে। প্রার্থী অজিত জানার হাত ভেঙেছে । এছাড়া তেমন কোন ঘটনা ঘটেনি” ।
২০২৬ বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষের মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের প্রদীপ সরকারের সাথে । এবার দেখার অপেক্ষার তৃণমূল প্রার্থীকে হারিয়ে খড়গপুর সদর থেকে আবার বিধায়ক নির্বাচিত হন কিনা দিলীপ ঘোষ ? জানা যাবে আগামী ৪ ই মে ।
