আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

প্রচারে যেতে গিয়ে আক্রান্ত তৃণমূল সাংসদ, জখম অবস্থায় হাসপাতালে মিতালি বাগ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হুগলি:- চলছে বঙ্গভোটের শেষ প্রচার। কাল বাদে পরশু রাজ্যে দ্বিতীয় দফা ভোটগ্রহণ। তার আগেই দিকে দিকে ধরা পরছে হিংসাত্মক ঘটনার ছবি। দ্বিতীয় দফার ভোটের আগে গোঘাটে আক্রান্ত মিতালী বাগ।হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ । সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর উপর হামলা চালানো হয়। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। গোটা শরীরে কাচবিদ্ধ হন তৃণমূল সাংসদ। আহত সাংসদ ভর্তি আরামবাগ মহকুমা হাসপাতালে। এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ কমিশনের। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজকুমার আগরওয়ালের।

ঠিক কি হয়েছে ? জানিয়েছেন মিতালি

সমাজমাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা খোদ জানিয়েছেন মিতালি। আক্রান্ত তৃণমূল সাংসদের দাবী, “আমার কর্মী-সমর্থকরা বলল তুমি একটু তাড়াতাড়ি এসো। বাড়ি থেকে আসছিলাম। সেই সময় মাঝরাস্তায় গাড়ি দাঁড় করায়। বড় বড় পাথর দিয়ে, লাঠি নিয়ে আসে। বন্দুক দেখাচ্ছে। আমার নিরাপত্তারক্ষী বলছে ছেড়ে দে। ওরা বলছে, তুই নাম। তোকে মেরে ফেলব। আমার গোটা গাড়ির কাচ ভেঙেছে। কোনওরকমে প্রাণ বেঁচেছে।”

 প্রায় কাঁদো কাঁদো স্বরে বলেন,

‘‘দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়িটা ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন এক জন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।’’

মিতালির আরও অভিযোগ, গোটা গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে। গায়ে কাচের টুকরো লেগেছে। পুরো গাড়িটাকে ভেঙেছে। যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের কার্যালয় হয়েছে, সেখানে তাঁদের গাড়ি দাঁড় করিয়ে লাঠি, বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে। তাঁর কথায়, ‘‘গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কী ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।’’

মিতালির অভিযোগ

“অমিত শাহ ‘উলটে মারধরে’র হুমকি দিয়ে গিয়েছেন। হিমন্ত বিশ্বশর্মাও হুমকি দিয়ে গিয়েছেন। সে কারণে বিজেপি কর্মী-সমর্থকেরা হামলা করছে আমার উপর।” যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলই দেখছে তারা।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ

তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার গোটা শরীরে কাচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এ ভাবে গোঘাট, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে।’’

কেন গাড়িতে হামলা চালানো হল, বার বার সেই প্রশ্ন তুলে কমিশনকে আক্রমণ করেন মিতালি। গাড়িতে যেতে যেতেই তিনি লাইভ স্ট্রিমিং করেন। তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল।’’ তিনি হুঁশিয়ারি দেন, তৃণমূল কোনও ভাবেই হার মানবে না। এর পরই তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেন, ‘‘নির্বাচন কমিশন তুমি কি দেখতে পাচ্ছ, কী ভাবে এক জন মহিলার উপর নির্যাতন করা হল। নির্বাচন কমিশন তোমাদের এর জবাবদিহি করতে হবে।’’

হামলার অভিযোগ অস্বীকার বিজেপির

তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, ‘‘বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে ২০ জন ভর্তি। মোট ৫০ জন আহত। আমাদের প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি চাপা দেওয়ার জন্য মিতালি বাগ নাটক করছে।’’

কড়া পদক্ষেপের নির্দেশ

এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ কমিশনের। এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজকুমার আগরওয়ালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *