দক্ষিণবঙ্গে চলবে হাঁসফাঁস গরম, আপাতত বৃষ্টির দেখা নেই
কিউ ইন্ডিয়া বাংলা :- স্বস্তির দিন শেষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। গরম ও অস্বস্তিতেই কাটবে দিন।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কলকাতায়। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনভর অস্বস্তি চরমে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দুপুরের দিকে তীব্র রোদ ও গরম হাওয়ায় বাইরে বেরোনো দায় হবে। তবে একেবারে শেষে সামান্য আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতাতেও সপ্তাহের শেষে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু তার আগে পর্যন্ত গরম থেকে মুক্তি নেই।ঠিক উল্টো ছবি উত্তরবঙ্গে। মঙ্গলবার সন্ধ্যা বা রাত থেকেই সেখানে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হওয়ার কথা। চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। পাহাড় থেকে ডুয়ার্স, সব জায়গাতেই মিলবে স্বস্তি।
দক্ষিণবঙ্গে আপাতত গরম থেকে রেহাই নেই। সপ্তাহের শেষে বৃষ্টি হলেও তার আগে তাপমাত্রা আরও বাড়বে। তাই প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোই ভালো। উত্তরবঙ্গ অবশ্য ভিজবে প্রাক-বর্ষার বৃষ্টিতে।
