আজকের দিনেখেলা

Rohit Sharma: রোহিতের অবসরের জল্পনার অবসান! বিসিসিআই সচিবের ঘোষণা, লর্ডসেই শেষ নয় কেরিয়ার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জাতীয় নির্বাচকরা অবসরের বার্তা দিলেও তা মানতে চাননি রোহিত শর্মা। সরাসরি বিসিসিআই কর্তাদের কাছে নালিশের পর কাজ হলো। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া স্পষ্ট জানিয়ে দিলেন, লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেই রোহিতের শেষ ম্যাচ নয়। আপাতত ভারতের ওয়ানডে দলের পরিকল্পনায় রয়েছেন প্রাক্তন অধিনায়ক।

ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ানডের পরই নির্বাচক প্রধান অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরের উপস্থিতিতে রোহিতকে জানানো হয়, ইংল্যান্ড সিরিজ়ের পর তাঁকে আর ভাবা হবে না। আচমকা এই বার্তায় অপমানিত বোধ করে রোহিত সরাসরি যোগাযোগ করেন বোর্ডের শীর্ষকর্তাদের সঙ্গে।

প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও বিতর্ক তৈরি হতেই নড়েচড়ে বসে বিসিসিআই। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সচিব দেবজিৎ শইকীয়া বলেন, ‘‘রোহিতের ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে জল্পনা চলছে। আমি নিশ্চিত করে বলছি, লর্ডসে রোহিত শেষ ম্যাচ খেলবে এমন কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি। ও ভারতের এক দিনের দলের নিয়মিত সদস্য। যত দিন ও পরিকল্পনার মধ্যে থাকবে, তত দিন দেশের হয়ে খেলবে।’’

ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। এখন লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকায় নির্বাচকরা যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ওপেনারকে তৈরি করতে চাইছেন। রোহিত দলে থাকলে তাঁকে বসিয়ে যশস্বীকে খেলানো কঠিন হবে বলেই অবসরের পরামর্শ দেওয়া হয়েছিল বলে শিবির সূত্রের খবর।

বোর্ডের হস্তক্ষেপে আপাতত রোহিতের কেরিয়ার নিয়ে জল্পনার অবসান হলেও সংশয় পুরোপুরি কাটেনি। শইকীয়া নিজেই বলেছেন, “যত দিন পরিকল্পনার মধ্যে থাকবে”। সেই “পরিকল্পনা” কত দিনের, সেটাই এখন বড় প্রশ্ন। লর্ডসের ম্যাচের পর রোহিতের ভবিষ্যৎ কী হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *