Cricket : অশান্ত বিশ্বে শান্তির বার্তা: গান্ধী জয়ন্তীতে শুরু আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিশ্বজুড়ে যখন যুদ্ধ-অশান্তির ছায়া, তখন ক্রিকেট মাঠ থেকেই শান্তির বার্তা দিতে চায় আইসিসি। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিনে। গান্ধীজির স্মরণেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।(Cricket)
আগে ঠিক ছিল বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর। কিন্তু ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী আইসিসি দিন বদলে গান্ধী জয়ন্তীকেই বেছে নিয়েছে। কারণ শুধু তারিখ নয়, বার্তাও। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গান্ধীজির সম্পর্ক গভীর। প্রায় ২১ বছর তিনি কাটিয়েছেন সে দেশে। তাই ‘শান্তি ও অহিংসা’র বার্তাবাহককে স্মরণ করেই টুর্নামেন্টের সূচনা করতে চায় আইসিসি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় গান্ধীর দীর্ঘ ইতিহাসকেও শ্রদ্ধা জানানো হবে।
২০২৩ সালের থেকে একেবারে আলাদা ফরম্যাটে হবে ২০২৭ সালের বিশ্বকাপ। প্রথমে যোগ্যতা অর্জন পর্ব, তারপর সুপার ১২, সুপার সেভেন, সেমিফাইনাল ও ফাইনাল। মোট ৫৪টি ম্যাচ খেলা হবে।(Cricket)
ভেন্যুর দিক থেকে দক্ষিণ আফ্রিকাই থাকছে মূল আয়োজক। ৪১টি ম্যাচ হবে সেখানে। জোহানেসবার্গের ওয়ান্ডার্স, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লোমফন্টেন, পার্লের বোল্যান্ড পার্ক ও কুগোম্পো সিটির বাফেলো পার্কে খেলা হবে। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জোহানেসবার্গেই ভারত হেরেছিল।
জিম্বাবোয়ে আয়োজন করবে ৮ থেকে ১০টি ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ও ফালে মোসি-ও-তুনিয়া ভেন্যু হিসেবে থাকছে। নামিবিয়ার ঝুলিতে থাকবে ৩টি ম্যাচ, ভেন্যু উইন্ডহোক। তবে কোথায় সেমিফাইনাল ও ফাইনাল হবে তা এখনও জানানো হয়নি। ফাইনাল হওয়ার কথা ২১ নভেম্বর, রবিবার। তার আগে সব প্রস্তুতি ম্যাচ শেষ হয়ে যাবে।
টুর্নামেন্টের অফিসিয়াল থিম রাখা হয়েছে ‘তিন জাতি, এক হৃদস্পন্দন’। ক্রিকেট দুনিয়ার কাছে আফ্রিকার বার্তা থাকবে ‘উবুন্তু’। এই দর্শনের অর্থ ‘আমরা আছি বলেই আমি আছি’। অর্থাৎ সহানুভূতি, দয়া ও পরস্পরের প্রতি সম্পর্কের মাধ্যমেই মানুষের পরিচয় – এই বার্তাই গোটা বিশ্বে পৌঁছে দিতে চায় আয়োজকরা।(Cricket)
ক্রিকেট শুধু খেলা নয়, এবার তা হয়ে উঠতে পারে শান্তির মঞ্চ। গান্ধী জয়ন্তীতে বিশ্বকাপ শুরু করে আইসিসি বুঝিয়ে দিতে চায়, টালমাটাল সময়েও ঐক্য, অহিংসা ও মানবতার বার্তাই আসল জয়। ‘উবুন্তু’র বার্তা নিয়ে আফ্রিকার মাটিতে বসতে চলা এই বিশ্বকাপ তাই শুধু ক্রিকেট নয়, একটা বার্তাও।
