Suvendu-Purulia : কাটবে শিল্পায়নের ‘খরা’! পুরুলিয়ায় ৪০০০ কোটির গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভূমিপুজো করবেন মুখ্যমন্ত্রী !
কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া :- রুখাশুখা পুরুলিয়ার বুকে শিল্পায়নের নতুন দিগন্ত। সোমবার রঘুনাথপুরের দুরমুটে অমিত মেটালিকসের ৪০ কোটি টাকার ইন্টিগ্রেটেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভূমিপুজন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে জেলার খরা ও পানীয় জলের সমস্যা মেটাতে মানবাজারে জাইকা প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।(Suvendu-Purulia)
মুখ্যমন্ত্রীর এদিনের কর্মসূচি দু’ভাগে। প্রথমে বেলা সাড়ে ১২টা নাগাদ আকাশপথে মানবাজার স্টেডিয়ামে নামবেন। সেখান থেকে ১৪ কিমি গিয়ে মানবাজার ১ ব্লকের জামদা গ্রামে ১২৯৬.২৫ কোটি টাকার জাইকা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন। জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি এবং কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে তৈরি এই প্রকল্পের মঞ্চে জাপানের ৩ প্রতিনিধিও থাকবেন। এরপর মানবাজার মাধবপুর ফুটবল মাঠে প্রশাসনিক জনসভা করে WBSEDCL-এর একাধিক সামাজিক প্রকল্পের উদ্বোধন করবেন।(Suvendu-Purulia)
দুপুরের পর হেলিকপ্টারে রঘুনাথপুরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে দুরমুট গ্রামে অমিত মেটালিকস লিমিটেডের ইন্টিগ্রেটেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ১৪৮ একর জমির উপর তৈরি এই প্রকল্পে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ফেরো এলয় ও স্পঞ্জ আয়রন ইউনিট থাকবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ১৬০০ জনের।
ভূমিপুজো অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্তমন্ত্রী অজয় পোদ্দার, পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, শিল্পের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র ও রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি উপস্থিত থাকবেন। মানবাজারের সভায় থাকবেন রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও গার্গী দাস ঘোষ। শনিবার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও রবিবার মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি প্রকল্পস্থল পরিদর্শন করেছেন। জেলাশাসক সুধীর কোন্থমও বৈঠক করেছেন।(Suvendu-Purulia)
একদিকে শিল্প, অন্যদিকে জল। মুখ্যমন্ত্রীর এই দুটি উদ্বোধন পুরুলিয়ার অর্থনীতি ও জনজীবনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছে জেলা প্রশাসন। শিল্পায়নের খরা কাটিয়ে রুখা জেলায় কর্মসংস্থান ও পরিকাঠামো, দুইয়েরই সূচনা হতে চলেছে আজ।
