Shankar Ghosh : শিলিগুড়ি থেকেই নতুন সূচনার বার্তা, পর্যটনে বদলের আশ্বাস মন্ত্রী শঙ্কর ঘোষের !
কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি :- পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে নতুনভাবে সাজানোর লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করলেন রাজ্যের নবনিযুক্ত পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর তিনি পর্যটন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ বার্তা দেন।
মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যানজট এবং পর্যটকদের নানা ধরনের অসুবিধা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন,”ভ্রমণে এসে যাতে পর্যটকদের অযথা হয়রানির শিকার হতে না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। এই বিষয়ে প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে “বলেও তিনি জানান।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পর্যটন ব্যবস্থার স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, অতীতে যে সমস্ত অনিয়ম বা অভিযোগ সামনে এসেছে, সেগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পর্যটন দপ্তরের পরিষেবা আরও আধুনিক করতে সরকারি বাংলোগুলির বুকিং প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন করার বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।
পর্যটনের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যতম প্রধান অর্থনৈতিক ক্ষেত্র চা শিল্পের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তাঁর মতে, চা শিল্প ও পর্যটনকে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী হিসেবে গড়ে তোলা প্রয়োজন।এছাড়াও বনদপ্তর ও পর্যটন দপ্তরের বিভিন্ন রিসোর্ট সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন।
শঙ্কর ঘোষের দাবি, আগামী ছয় মাসের মধ্যেই রাজ্যের পর্যটন ব্যবস্থায় পরিবর্তনের ছাপ দেখা যাবে। নতুন পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসনিক স্বচ্ছতার মাধ্যমে পশ্চিমবঙ্গকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
