আজকের দিনেখেলাবিশ্বভারত

Blue Tigers-Football : কান্তিরাভায় বাজিমাত ব্লু টাইগার্সের! বিশ্বকাপার পানামার বিরুদ্ধে ঐতিহাসিক ড্র ভারতের !

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- কান্তিরাভায় বাজিমাত ভারতের। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ ধাপ এগিয়ে থাকা বিশ্বকাপ খেলা পানামাকে ১-১ গোলে আটকে দিল ব্লু টাইগার্সরা। এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হলেও খালিদ জামিলের দলের লড়াই মন জিতল দেশের ফুটবলপ্রেমীদের।(Blue Tigers-Football)

বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল ভারত। প্রথম ১৫ মিনিটেই দু’বার পানামার বক্সে ভয় ধরান আশিক-মনবীররা। বাঁ প্রান্তে আশিক কুরুনিয়ান ও মনবীর সিংয়ের জুটি বারবার পরীক্ষায় ফেলছিল পানামা ডিফেন্সকে।

৪২ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। আকাশ মিশ্রের লম্বা থ্রু থেকে বল ধরে বিদ্যুতের গতিতে বেরিয়ে যান রায়ান উইলিয়ামস। বিপক্ষ গোলকিপারকে একা পেয়ে ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন তিনি। ১-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করে ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন করে খেলার দখল নেয় পানামা। ক্লান্ত ভারতীয় ফুটবলারদের চাপে ফেলে ৬৮ মিনিটে সমতা ফেরায় তারা। বদলি ওমর ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শটের গতি ও বাঁক বুঝতে না পেরে দাঁড়িয়ে দেখেন গুরপ্রীত সিং সান্ধু।

এরপর সাহাল ও এডমুন্ডকে নামিয়ে ফের আক্রমণে যায় ভারত। এডমুন্ড ফাঁকা গোলে সহজ সুযোগ নষ্ট করেন, না হলে ইতিহাস হতে পারত। শেষ মুহূর্তে বিজয় ভার্গিসের অনবদ্য ট্যাকেলে হার বাঁচায় ভারত।(Blue Tigers-Football)

খালিদ জামিলের আমলে অতিরক্ষণাত্মক ফুটবলের তকমা ঘুচিয়ে এদিন অন্য ভারতকে দেখা গেল। প্রতি বলে লড়াই, শারীরিক সংঘর্ষে না হার মানা – সবেতেই পানামার থেকে এগিয়ে ছিল আনোয়ার আলিরা। এই ড্র প্রমাণ করল, চাইলে ভারতও পারে। এবার অপেক্ষা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে এই লড়াইটা ধরে রাখার।(Blue Tigers-Football)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *