Train-Sealdah-Dankuni : ৫ জুলাই শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল ১৬ লোকাল, ঘুরপথে ছুটবে রাজধানী-পদাতিক-দার্জিলিং মেল !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চলতি মাসের ৫ জুলাই শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। বরানগর রোড ও দক্ষিণেশ্বরের মাঝে রেল ওভারব্রিজের গার্ডার বদলের জন্য ১০ ঘণ্টার পাওয়ার ব্লক নিচ্ছে পূর্ব রেল। তার জেরে বাতিল থাকছে আপ-ডাউন মিলিয়ে ১৬টি ডানকুনি লোকাল সহ একাধিক শাখার ট্রেন। ঘুরপথে চলবে রাজধানী, পদাতিক, দার্জিলিং মেলের মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১টা থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত চলবে এই ব্লক। এই সময়ে শিয়ালদহ-ডানকুনি শাখার ১৬টি লোকাল বাতিল করা হয়েছে। পাশাপাশি বাতিল থাকছে ৩১৩১৩ ও ৩১৩১৯ আপ এবং ৩১৩১৬ ও ৩১৩২০ ডাউন শিয়ালদহ-কল্যাণী লোকাল, আপ ৩১৪৭১ বিধাননগর রোড-নৈহাটি লোকাল, দুটি শিয়ালদহ-হাবরা লোকাল এবং তিনটি নৈহাটি-ব্যাণ্ডেল লোকাল।
লোকালের পাশাপাশি বহু দূরপাল্লার ট্রেনও ডাইভার্ট করা হয়েছে। আপ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ডাউন দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আগ্রা ক্যান্ট-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস চলবে দমদম-নৈহাটি রুট দিয়ে।
ব্লক চলাকালীন ব্রিজের নিচের অংশেও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এই বিষয়ে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেল পরিকাঠামোর সুরক্ষা ও সর্বোচ্চ মান বজায় রাখতেই গার্ডার পরিবর্তনের এই ব্লক অত্যন্ত জরুরি। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই সপ্তাহান্তের রাতের সময় বেছে নেওয়া হয়েছে। তবে বাতিল ও ঘুরপথে চলা ট্রেনের জন্য ওই রুটের নিত্যযাত্রী থেকে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা থাকছে। যাত্রীদের আগে থেকে বিকল্প ব্যবস্থা নিয়ে রাখার অনুরোধ করেছে রেল।
