আজকের দিনেভারত

মহরমের শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, মধ্যপ্রদেশে প্রাণ হারালেন তিনজন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, রতলাম:- মহরমের শোকের আবহ,মুহূর্তের মধ্যে মধ্যপ্রদেশের রতলাম জেলার হাটনারা গ্রামে মহরমের তাজিয়া মিছিলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, যাতে প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন অন্তত দশজন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাটনারা গ্রামে মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়েছিল। মিছিলে প্রায় দেড়শো মানুষ অংশ নিয়েছিলেন। শোভাযাত্রা চলাকালীন আচমকাই তাজিয়ার উঁচু কাঠামোটি একটি হাইভোল্টেজের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। তাজিয়ার সঙ্গে থাকা লোহার রডের মাধ্যমে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তাজিয়া বহনকারী কয়েকজন মাটিতে লুটিয়ে পড়েন। পরে রডটি মাটিতে পড়ে যাওয়ার সময় আরও বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিকিৎসকদের দাবি, হাসপাতালে আনার আগেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *