এই ভূখণ্ড পাকিস্তানের নয়, ভারতের সঙ্গে যোগাযোগ করব’, শাহবাজকে হুঁশিয়ারি পিওকে-বাসীর
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পাক অধিকৃত কাশ্মীরে দমন-পীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ২২ দিনে পড়ল। মঙ্গলবার রাওয়ালাকোটের ইদগাহ ময়দানে হাজারো জনতা স্লোগান তুলল— ‘এই ভূখণ্ড পাকিস্তানের নয়’। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দমন-পীড়ন না থামলে ভারতের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে পিওকে।
টানা ২২ দিন ধরে চলা বিক্ষোভে মঙ্গলবার রাওয়ালাকোটে সমবেত হন হাজার হাজার মানুষ। সেখানে একাধিক বক্তা বিস্ফোরক ভাষণে বলেন, এই অঞ্চলকে আর পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন ভাবা উচিত নয়। স্থানীয় প্রশাসনকে সতর্ক করে তাঁরা বলেন, দমন-পীড়ন চলতে থাকলে ভারতের সঙ্গে জোরালো সম্পর্ক গড়ে তোলা হবে।
অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, রাষ্ট্রীয় দমন-পীড়ন ও প্রশাসনিক অবহেলার অভিযোগে দীর্ঘদিন ধরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভ ঠেকাতে ৫ জুন থেকে গোটা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে পাক প্রশাসন। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহের উপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আন্দোলনের আগুনে ঘি ঢেলেছে।
মানবাধিকার কর্মী সরদার আমান খান-সহ স্থানীয় বিশিষ্টরা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। প্রথম থেকেই পিওকে-র বিক্ষোভের পিছনে ভারতের ‘মদত’ আছে বলে দাবি করে আসছে শাহবাজ শরিফ সরকার। তবে এবার প্রকাশ্যেই ভারতের সঙ্গে যোগাযোগের হুঁশিয়ারি দিলেন বিক্ষোভকারীরা।
পিওকে-তে জনরোষ ক্রমশ ইসলামাবাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইন্টারনেট বন্ধ, খাদ্য সংকট আর দমন-পীড়ন দিয়ে আন্দোলন থামাতে ব্যর্থ শাহবাজ সরকার। এবার সরাসরি ‘ভারতের সঙ্গে যোগাযোগ’এর হুমকি পাকিস্তানের কাশ্মীর নীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলল। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে পিওকে নিয়ে ইসলামাবাদের উদ্বেগ আরও বাড়বে বলেই মনে করছে কূটনৈতিক মহল।
