আজকের দিনেতিলোত্তমা

গঙ্গার ঘাটে হাতে ঝাড়ু খোদ মুখ্যমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে ‘স্বচ্ছতা অভিযান’-এর ওপর বিশেষ জোর দিয়েছে বর্তমান সরকার। সেই ধার বজায় রেখেই বুধবার সকালে গঙ্গার ঘাট পরিষ্কার রাখতে খোদ সাফাই অভিযানে শামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার মায়ের ঘাটে পৌঁছে যান তিনি। সেখানে গাছ লাগানোর পাশাপাশি নিজের হাতে ঝাড়ু দিয়ে ঘাট পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী।

পাঁচ দিনের বিশেষ কর্মসূচি: লক্ষ্য ‘স্বচ্ছতাকে স্বাগত’
​প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক একটি বিশেষ অভিযানের ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচি অনুযায়ী আজ, ১৭ জুন দিনটিকে গঙ্গা পরিষ্কার অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছে। কলকাতার প্রত্যেকটি গঙ্গার ঘাট পরিষ্কার করার পাশাপাশি শহরের বিভিন্ন মন্দির, নাখোদা মসজিদ এবং বাজার এলাকাতেও এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আগামী পাঁচ দিন ধরে রাজ্য জুড়ে চলবে এই কর্মসূচি।

২১ জুনের ‘মেগা’ প্রস্তুতি, হাজির থাকবেন প্রধানমন্ত্রী
​কলকাতা পুরসভার পুর প্রশাসক স্মিতা পান্ডে জানিয়েছেন, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বাংলায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার রেড রোডের মূল মেগা কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী অংশ নেবেন। মোদির এই সফরকে সামনে রেখেই রাজ্য প্রশাসনের এই বাড়তি তৎপরতা। প্রধানমন্ত্রীকে একটি সুন্দর এবং স্বচ্ছ তিলোত্তমা উপহার দেওয়াই এখন লক্ষ্য পুরসভা ও রাজ্য সরকারের।
​সাফাই অভিযান শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন: “আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবসের কর্মসূচিতে খোদ প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। আমরা প্রধানমন্ত্রীকে একটি সুন্দর এবং স্বচ্ছ বাংলা উপহার দেব।”

ঘাটে বৃক্ষরোপণ ও পুজো দিলেন মুখ্যমন্ত্রী
​বুধবার সকালে বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়-সহ অন্যান্য উচ্চপদস্থ নেতৃত্ব। ঘাটে পৌঁছে প্রথমেই মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা বৃক্ষরোপণ করেন। এরপর ঝাড়ু হাতে সাফাই অভিযানে নেমে পড়েন খোদ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী তাপস রায়কে একসঙ্গে মায়ের ঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে দেখা যায়। সাফাই অভিযান শেষে ঘাট সংলগ্ন মন্দিরে পুজোও দেন মুখ্যমন্ত্রী।
​রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই মোদি সরকারের ‘স্বচ্ছ ভারত’ মিশনের আদলে বাংলাকেও পরিচ্ছন্ন করে তোলার বার্তা দিতে চাইছে নতুন রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর সফরের আগে মুখ্যমন্ত্রীর এই সক্রিয়তা সেই বার্তাকেই আরও জোরালো করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *