আজ আইপিএল ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ
কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে শুরু আইপিএল ২০২৬ । ভক্তদের প্রতীক্ষার হল অবসান । জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও ভক্তদের মনে তা নিয়ে এতোটুকুও দুঃখ নেই । প্রিয় ক্রিকেটারদের মাঠে দেখার আনন্দে তাদের উত্তেজনা তুঙ্গে। দীর্ঘ আঠারো বছর ট্রফির খরা কাটিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বিরাট কোহলিরা। তাই এবারেও আইপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলছে তারা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে খেলা শুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং তারকা সমৃদ্ধ । ফিল সল্ট , জ্যাকব বেথেল , বিরাট কোহলি, অধিনায়ক রজত পাতিদার প্রত্যেকেই দ্রুত গতিতে রান তোলার জন্য বিখ্যাত । এছাড়া ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্স থেকে এবার আরসিবিতে যোগ দিয়েছেন । তিনিও বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। সম্ভবত ভেঙ্কটেশের সঙ্গে ফিল সল্টের ওপেন করানো হতে পারে। এছাড়া রোমারিও শেফার্ড, টিম ডেভিড এরাও দ্রুত গতিতে রান তোলার ক্ষেত্রে দক্ষ। বোলিংয়ে কিছুটা চিন্তা আছে । প্রথম কিছু ম্যাচে আরসিবি পাবেনা তাদের অন্যতম প্রধান অস্ত্র জোস হেজেলউডকে ।
অপরদিকে সান রাইজার্স হায়দরাবাদ ও শক্তিশালী দল তৈরি করেছে এবার । ঈশান কিশান, অভিষেক শর্মা , ট্রেভিস হেড, হেনরি ক্লাসেন হায়দ্রাবাদের ব্যাটিংয়ের অন্যতম অস্ত্র । এছাড়া লিয়াম লিভিংস্টোন, নীতিশ কুমার রেড্ডি, কামিন্দু মেণ্ডিস, ব্রাইডন কার্স এর মত নামি অলরাউন্ডাররা আছেন । ব্যাটিং এবং অলরাউন্ডার দুটি দিক শক্তিশালী হলেও হায়দ্রাবাদের বোলিং লাইন আপ তুলনামূলকভাবে দুর্বল । হার্শল প্যাটেল ছাড়া তাদের কোন বোলার ফর্মে নেই বর্তমানে। জয়দেব উনাদকাট থাকলেও তিনিও আগের মত আর ভয়ংকর নন । দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিংস কবে দলের সঙ্গে যোগ দিলেও কবে থেকে খেলতে পারবেন তা এখনো অনিশ্চিত ।
এবার দেখার অপেক্ষায় ২০২৬ আইপিএল এর প্রথম ম্যাচ কোন দল জয়লাভ করে ? বিরাটের আরসিবি না ঈশান অভিষেকদের সানরাইজার্স হায়দ্রাবাদ ?
