চৈত্র সংক্রান্তির দিনে দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরম , সামান্য স্বস্তি উত্তরবঙ্গে
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে গরম বৃদ্ধি এবং অস্বস্তির সতর্কবার্তা । গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে স্বস্তির খবর উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং আগামী রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলতে থাকবে । রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য উপরে উঠলেও দিনের স্বাভাবিক তাপমাত্রা এখনও নিচে । সকাল থেকেই বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ দেখা দিল আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতা ও তার সংলগ্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫° সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রী সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯১ শতাংশ । আগামী বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। নদিয়া ,মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী পেরিয়ে যাবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আরো বাড়বে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ চৈত্র সংক্রান্তির দিনের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। আগামীকাল বাংলা বছরের প্রথম দিন দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী পরশু বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে । বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা গুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রায় হেরফের হতে পারে।
