আজকের দিনেতিলোত্তমা

‘পুরুষ’ লক্ষ্মীর খোঁজে কড়া নবান্ন: সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পূর্বতন সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একাধিক পুরুষের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগে এবার কড়া পদক্ষেপ নবান্নের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিট গঠন করে তদন্তের নির্দেশ দিলেন। এখনও পর্যন্ত ২২টি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অন্নপূর্ণা যোজনা চালু করতে গিয়ে প্রশাসনের কর্তারা চমকপ্রদ তথ্য পেয়েছেন। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একাধিক পুরুষের অ্যাকাউন্টে ঢুকছিল। এখনও পর্যন্ত মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। এর মধ্যে ১টি অ্যাকাউন্ট রাকিবুলের, ১৫টি মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তুহিনার, বাকি ৬টি অ্যাকাউন্ট তারিকুল রহমানের নামে। শুভেন্দু বলেন, “অনুপ্রবেশকারী, হাজার হাজার তৃণমূল নেতা যারা মহিলা নন, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়ব না। সিট গঠন করতে বলেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। লুটেরাদের পার্টি কীভাবে লুট করেছে এটা তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে।” অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। বলেন, “যারা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা ও তাদের দলকে বলব সংখ্যাটা কত হবে আমরা জানি না।” অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, “অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যা প্রচার চলছে। ফর্ম পূরণ করতে এগিয়ে এসেছেন অনেকে। জনগণ সহযোগিতা করেছেন। সোমবার থেকে অনলাইনে চালু হয়ে গিয়েছে। আশা করছি বুধবার আরও অনেকের ফর্ম ফিলআপের কাজ হয়ে যাবে।” ওইদিনই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠক হবে বলেও জানান তিনি।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে সিট গঠনের নির্দেশে শাসকদলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার কাজ দ্রুত শেষ করার বার্তা দিলেন তিনি। এই তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *