আজকের দিনেবাংলার আয়না

SIR আতঙ্কে আবারও মৃত্যু, হিঙ্গলগঞ্জে প্রাণ গেল বৃদ্ধের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- এসচইআর প্রক্রিয়া শেষের পথে থাকলেও রাজ্যে এই নিয়ে আতঙ্ক ও হয়রানির অভিযোগ থামেনি। এসআইআর শুনানির ভয়েই মৃত্যুর ঘটনা সামনে আসছে বলে অভিযোগ উঠছে। রবিবার রাজ্যের চারটি আলাদা জায়গা থেকে এমন মৃত্যুর খবর পাওয়া যায়। সোমবার ফের উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রামের ১২১ নম্বর বুথ এলাকায়। মৃতের নাম আজগার বিশ্বাস। বয়স ৭১ বছর। পরিবারের দাবি, আজগার বিশ্বাস এবং পরিবারের আরও দুই সদস্য SIR শুনানির নোটিস পেয়েছিলেন। সেই খবর জানার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে হঠাৎ করেই আজগার বিশ্বাসের বুকে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির নোটিস পাওয়ার আতঙ্ক থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবারও রাজ্যের চারটি আলাদা জেলা থেকে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠে আসে। কোচবিহারের শীতলকুচি ব্লকে ছাপিয়া খাতুন বিবি (৭০), জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে নিবাস সরকার (৫৪), এবং মুর্শিদাবাদের নওদা থানার তোজাম্মেল শেখ (৬৫)-এর মৃত্যুর খবর সামনে আসে। পরিবারের দাবি, সকলেই এসআইআর শুনানির আতঙ্কে মানসিক চাপে ছিলেন।

পরপর এই ধরনের মৃত্যুর ঘটনায় এসআইআর প্রক্রিয়া ঘিরে আতঙ্ক ও হয়রানির অভিযোগ আরও জোরালো হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মৃতদের পরিবার ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *